.webp)
গাড়িটিকে সমাধিস্থ করার মুহূর্ত।
শেষ আপডেট: 9 November 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো: পোষ্যের মৃত্যু বা জন্মদিনে কাগজে বিজ্ঞাপন দেন অনেকে। পোষ্যের সমাধিস্থলে বছরে নিয়ম করে ফুলমালা দিয়ে আসেন বহু 'বাবা-মা, ভাই-বোন।' এবার তাঁদের ছাপিয়ে ক্লীব একটি গাড়িকে প্রায় 'শহিদের' মর্যাদা দিল গুজরাতের একটি পরিবার। পরিবারের 'সৌভাগ্যের প্রতীক' গাড়ির মৃত্যুকে স্মরণীয় করে রাখতে জাঁকজমক করে তাকে সমাধিস্থ করা হল। আর যথারীতি সেই ভিডিও ভাইরাল হল নেট জগতে।
লাঠি তালুকের পডরসিংহ গ্রামে প্রায় ১৫০০ মানুষ যোগ দিলেন সেই শেষযাত্রায়। শুধু তাই নয়, সমাধিস্থ করা পর্যন্ত তাঁরা সেখানে হাজির থাকেন। বৈদিক মন্ত্রপাঠ করতে হাজির ছিলেন পুরোহিত, সাধুসন্তরা। আচার-অনুষ্ঠান মিটে যাওয়ার পর খাওয়াদাওয়ার ছিল এলাহি বন্দোবস্তও। ভাগ্য ফিরিয়ে দেওয়া 'পয়মন্ত' গাড়িকে সমাধিস্থ করেন গুজরাতের ব্যবসায়ী। যদিও নেট দুনিয়ার নানা কথায় কোনও আফশোস নেই ব্যবসায়ীর। তাঁর কথায়, ওই গাড়ির প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে পরিবার।
વ્હાલસોઈ નસીબદાર કારની સમાધિ !!!
— Kamit Solanki (@KamitSolanki) November 8, 2024
અમરેલીમાં પરિવાર માટે લકી કારને વેચવાને બદલે ઘામધૂમથી જમણવાર યોજી સમાધિ અપાઈ, કારના સમાધિ સ્થળે વૃક્ષારોપણ કરાશે #Gujarat #Amreli pic.twitter.com/1c4hiogs7n
গুজরাতের আমরেলি জেলার ব্যবসায়ী সঞ্জয় পোলারা বৃহস্পতিবার নিজের পুরনো গাড়িটিকে সমাধিস্থ করেন। আর সেই অনুষ্ঠানে শামিল হন প্রায় ১৫০০ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, সঞ্জয় এবং তাঁর পরিবারের লোকজন খামারবাড়িতে আচার-অনুষ্ঠানে রয়েছেন। ১৫ ফুটের গভীর গর্ত খোঁড়া হয়। ঢাল বরাবর ওই গর্তে নামানো হয় পুরনো চারচাকার গাড়িটিকে।
যে গাড়িটিকে সমাধিস্থ করেন ব্যবসায়ী সঞ্জয়, সেটি ১২ বছরে পুরনো একটি মারুতি ওয়াগনআর। ফুল-মালায় ঢেকে দেওয়া হয়েছিল গাড়িটিকে। গাড়িটিকে মুড়ে দেওয়া হয় সবুজ কাপড়ে। পুরোহিতরা একদিকে মন্ত্রপাঠ করেন, অন্যদিকে ফুলের পাপড়ি ছোঁড়েন পরিবারের লোকজন। তারপর ক্রেনের সাহায্যে মাটি ভরে গাড়িটিকে সমাধিস্থ করা হয়। । বাড়ি থেকেও রীতিমতো শোভাযাত্রা করে গাড়িটিকে খামারে নিয়ে যাওয়া হয়।
সুরাতে ইমারতি ব্যবসা রয়েছে সঞ্জয়ের। তিনি বলেন, ১২ বছর আগে ওই গাড়িটি কেনেন তিনি। আর তাতেই ভাগ্য বদলে যায় তাঁর। পরিবারে সমৃদ্ধি আসে, ব্যবসা ফুলেফেঁপে ওঠে, সম্মান বাড়ে পরিবারের। সঞ্জয়ের দাবি, তাঁর পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্য এনেছিল ওই গাড়ি। তাই বিক্রি করার কথা ভাবেননি। গাড়িটিকে সমাধিস্থ করতে ৪ লক্ষ টাকা খরচ করেছেন তিনি। মাটি চাপা পড়ার আগে গাড়িটির সঙ্গে সপরিবারে ছবিও তোলেন সঞ্জয়। সঞ্জয় আরও জানান, গাড়িটি যেখানে সমাধিস্থ করা হয়েছে, সেখানে একটি গাছ পোঁতার হবে। তাই নেটিজেনরা যে যাই বলুক তাতে সাড়া দিতে রাজি নন তিনি।