.webp)
শেষ আপডেট: 5 January 2024 07:46
দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লির তখতে বসার পরই মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য দিল্লিতে মহল্লা ক্লিনিক চালু করেছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এবার তদন্তকারী সংস্থার স্ক্যানারে কেজরিওয়ালের ওই মহল্লা ক্লিনিক।
অভিযোগ, দিল্লির জনগণকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য চালু করা এই প্রজেক্টের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। ভুয়ো রোগীদের নামের তালিকা এমনকি নকল ফোন নম্বর দিয়ে জাল টেস্টের তালিকা তৈরি করে সরকারের কোষাগার থেকে অর্থ লুঠের ভিযোগ উঠেছে।
কয়েকদিন আগেই দিল্লির হাসপাতালগুলিতে নিম্নমানের ওষুধ সরবরাহের খবর সামনে এসেছিল। আবগারী কেলেঙ্কারির পর এবার মহল্লা কেলেঙ্কারি সামনে আসায় লোকসভা ভোটের মুখে দিল্লিতে আপ নেতৃত্বর চাপ আরও বাড়ল বলেই মনে করা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
যদিও এমন পরিস্থিতির জন্য মহল্লা ক্লিনিকের একাংশ চিকিৎসক এবং নার্সকে দায়ী করেছে আপ সরকার। এ ব্যাপারে এক সাংবাদিক বৈঠক থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, “কিছু অসৎ চিকিৎসক জালিয়াতি করেছিলেন। আমরা ২৬জনকে বরখাস্ত করেছি। এদের মধ্যে রয়েছেন সাতজন চিকিৎসক এবং তাঁদের সাহায্য করেছিলেন এমন ১৯ জন কর্মীকে।” জালিয়াতি ঠেকাতে প্রতিটি মহল্লা ক্লিনিকে ভিডিও অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করা হয়েছে বলেও দাবি তাঁর।
কী ধরনের জালিয়াতি হয়েছে এই মহল্লা ক্লিনিকে? অভিযোগ, ভুয়ো রোগীর তালিকা তৈরি করে তাঁদের নামে হাজারও টেস্ট দেখানো হয়েছে। সেই বাবদ সরকারের কোষাগার থেকে বেসরকারি ল্যাবগুলিকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। যা ঘুরপথে আপ নেতৃত্বর পকেটে ঢুকেছে বলে অভিযোগ। সূত্রের দাবি, জালিয়াতির পরিমাণ কয়েকশ কোটি টাকা।
জানা গেছে, ২০২২ সালের এই সংক্রান্ত একটি ফাইল দেখতে গিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার নজরে আসে বিষয়টি। তিনি ইতিমধ্যে সিবিআইকে আপের মহল্লা ক্লিনিকগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে বলেছেন।