
শেষ আপডেট: 4 November 2023 17:24
দ্য ওয়াল ব্যুরো: ভোটের ময়দানে ফের দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে শেষবার ভোটে লড়েছিলেন তিনি। জিতেওছিলেন। তারপর ২০১৪ সালের পর থেকে তাঁকে আর নির্বাচনের ময়দানে দেখা যায়নি। তবে আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে ফের আজহারউদ্দিনকে প্রার্থী করল কংগ্রেস।
শুক্রবার এই রাজ্যের বিধানসভা নির্বাচনে জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস। সেখানে ৪৫ জনের নাম রয়েছে। দেখা গেছে, জুবিলি হিলস আসন থেকে কংগ্রেসের টিকিট পেয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কংগ্রেস চাইছে, ফের আজারউদ্দিনকে সামনে রেখে ভোটের ময়দানে লড়াই করতে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনেও লড়ার কথা ছিল আজারউদ্দিনের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ২০০৯ সালে কংগ্রেসের টিকিটেই জিতে শেষবার উত্তরপ্রদেশের মোরাদাবাদের সাংসদ হয়েছিলেন তিনি। ভোটের ময়দানে না লড়লেও রাজনীতি থেকে অবসর নেননি আজারউদ্দিন। বর্তমানে তিনি তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি।
আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানা বিধানসভার ১১৯ আসনে ভোটগ্রহণ হবে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, দুই দফায় মোট ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি আর ৯ আসনের প্রার্থী এখনও জানায়নি হাত শিবির।
তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের আগে একে একে কংগ্রেস দলের পুরনো সৈনিকদের ঘরওয়াপসি ঘটছে। রাজ গোপাল রেড্ডি, নাগেশ্বর রাওয়ের মতো নেতারা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের ভোটে লড়ার টিকিটও দিয়েছে কংগ্রেস।