
ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা - প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 July 2024 21:31
দ্য ওয়াল ব্যুরো: দিব্যি চলছিল গাড়িটা। কিন্তু হঠাৎ ব্রিজ থেকে নামার আগে একটা ধারে এসে থেমে গেল। গাড়ি থেকে বেরিয়ে এলেন চালক। তারপর সোজা নীচে জলে ঝাঁপ! এক পলকে সব শেষ। মুম্বইয়ের অটল সেতুতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩৮ বছর বয়সী ইঞ্জিনিয়ার অটল সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ডম্বিভলির বাসিন্দা। ব্রিজের ওপর একাধিক জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে। তাতেই এই ঘটনা ধরে পড়েছে। ক্যামেরায় দেখা গেছে, আচমকা ব্রিজের ধারে এসে দাঁড়ায় একটি কালো গাড়ি। তা থেকে নেমে আসেন এক ব্যক্তি। তারপরই ব্রিজের রেলিংয়ে উঠে সোজা ঝাঁপ দেন।

এই ঘটনাটি বুধবারের বলে জানা গেছে। গোটা বিষয়ের তদন্ত করছে নবি মুম্বই পুলিশ। তবে তাদের প্রাথমিক অনুমান, আর্থিক অবস্থা খুব একটা ভাল যাচ্ছিল না তাঁর। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর দেহ খোঁজার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় পুলিশের সঙ্গে কোস্টাল পুলিশ এবং মৎস্যজীবীরা একজোট হয়ে কাজ করছেন।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ব্যক্তি এর আগেও ২০২৩ সালে ফিনাইল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। সেই সময়ে তিনি কুয়েতে থাকতেন। উল্লেখযোগ্য ব্যাপার, অটল সেতু থেকে আত্মহত্যার এটিও দ্বিতীয় ঘটনা। চলতি বছর মার্চ মাসে এক মহিলা চিকিৎসকও এই ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিলেন।