
শেষ আপডেট: 1 December 2023 23:52
দ্য ওয়াল ব্যুরো: ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ইডি কর্তা। দিন কয়েক আগেই একই অভিযোগে ইডি অফিসার গ্রেফতার হয়েছিলেন রাজস্থানে। এবার তামিলনাড়ুতে। সরকারি অফিসারের থেকে ২০ লাখ টাকা 'ঘুষ' হিসেবে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন অঙ্কিত তিওয়ারি নামে এক ইডি অফিসার।
সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্নীতির অভিযোগে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরটেড। সেই তদন্তে উঠে আসে তামিলনাড়ুর একাধিক মন্ত্রী ও আমলার নাম। সেই ঘটনার তদন্তকারী অফিসারদের মধ্যে ছিলেন অঙ্কিত। অভিযোগ, এক ব্যক্তির কাছে ২০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। শুক্রবার মাদুরাইতে সেই টাকা নেওয়ার সময়ই অঙ্কিত গ্রেফতার হন তামিলনাড়ু পুলিশের হাতে।
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুর্নীতি তদন্তে নাম আসবে না, এমন জানিয়েই ওই সরকারি অফিসারের থেকে ২০ লাখ টাকা 'ঘুষ' চান অঙ্কিত। এই কথা পুলিশকে গোপনে জানান ওই সরকারি অফিসার। তারপরই তামিলনাড়ু পুলিশ ফাঁদ পাতে। তামিলনাড়ু পুলিশের দাবি, শুক্রবার অঙ্কিত যখন ঘুষের টাকা নিতে আসেন, তখনই তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
সম্প্রতি, ঘুষ চাওয়ার ও নেওয়ার অভিযোগে দিল্লি এবং রাজস্থান থেকে একাধিক ইডি আধিকারিক গ্রেফতার হয়েছেন। গোটা ঘটনায় দক্ষিণের শোরগোল শুরু হয়েছে। জানা গেছে, অঙ্কিত এর আগে গুজরাত এবং মধ্যপ্রদেশে ইডি দফতরে কর্মরত ছিলেন। তারপরই তাঁকে তামিলনাড়ুতে পাঠানো হয়েছিল।