
শেষ আপডেট: 15 September 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: গোপন সূত্রের ভিত্তিতে রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে অভিযান চালায় সেনা জওয়ানরা। সূত্রের খবর, একটি গ্রাম ঘিরে ফেলেছে তারা। শুরু হয়েছে গুলির লড়াই। পান্থানাতীর এলাকায় তিন জন লস্কর-ই-তৈবা জঙ্গি আটকে পড়েছে। সেখানে রয়েছে জঙ্গি গোষ্ঠীর এক শীর্ষ নেতাও।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার রাতেই সেনা জওয়ানরা খবর পেয়েছিলেন, পুঞ্চের ওই এলাকায় জঙ্গিদের কার্যকলাপ চলছে। রাতেই শুরু হয় তল্লাশি অভিযান। ভারতীয় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশের বিরাট বাহিনী এলাকা ঘিরে ফেলে। শুরু হয় গুলির লড়াই।
১৮ সেপ্টেম্বর বিধানসভা ভোট শুরু জম্মু ও কাশ্মীরে। প্রথম দফা ভোট হবে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগামের ১৬টি আসনে। ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভোট হবে জম্মু, কাঠুয়া এবং সাম্বা জেলায়। তার আগে জঙ্গি হানায় নতুন করে উত্তপ্ত জম্মুর-কাশ্মীর।
গত কয়েক মাস ধরে পাহাড়ি এলাকা পুঞ্চ, রাজৌরি, ডোডা, কাঠুয়া, রিয়াসি ও উদমপুরে জঙ্গি কার্যকলাপ বেড়েছে। একাধিকবার সেনা, নিরাপত্তা রক্ষী ও সাধারণ নাগরিকদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। সন্ত্রাসবাদ দমনে প্যারা কমান্ডো ও পাহাড়ি এলাকায় যুদ্ধে পারদর্শী চার হাজার প্রশিক্ষিত সেনাকে নামানো হয়েছে। সিআরপিএফ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও জঙ্গি মোকাবিলা করছে।