দুধ বিক্রেতাকে ধাক্কা মারল চিতা, সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 10 February 2025 16:44
দ্য ওয়াল ব্যুরো: নিজের খেয়ালে রাস্তা পেরোচ্ছিলেন এক দুধ বিক্রেতা। আচমকাই তাঁর বাইকে এসে সজোরে ধাক্কা মারল চিতা! হ্যাঁ শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটে গেল রাজস্থানের উদয়পুরে। চিতা ও মানুষের ধাক্কাধাক্কির ভয়াবহ ভিডিও সামনে আসতেই শিউরে উঠেছেন দেশবাসী।
ভিডিওতে দেখা যাচ্ছে, রবিবার রাত ৮টা নাগাদ রাজস্থানের উদয়পুরে শিল্পগ্রামের রাস্তায় দুধ বিক্রেতার বাইকে ধাক্কা মারে চিতাটি। ঘটনাস্থলেই দু’জনকে পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি ক্যান উল্টে দুধ ছড়িয়ে পড়ে।
সিসিটিভি ফুটেজে স্পষ্ট আচমকাই চিতাটি রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য লাফ দেয়। কিন্তু উল্টো দিক থেকে আসা ব্যক্তি বিষয়টি দেখতে পাননি। ঘটনায় দু’জনেরই চোট লাগে বলে খবর। এরপরই ঘনবসতি এলাকায় চিতাটিকে বেশ কিছুক্ষণ আহত অবস্থায় রাস্তার পাশে বসে থাকতে দেখা যায় এবং পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে।
Watch Scary encounter: #leopard Crossing Road #Collides With #Milkman , See What Happens Nexthttps://t.co/RwtNqXIBiU pic.twitter.com/DZpb7bRZgY
— Telangana News Point (@mediainfodesk) February 10, 2025
অন্যদিকে রাস্তার মাঝে বসে থাকতে দেখা যায় আহত ব্যবসায়ীকেও। তাঁকে সাহায্য করার জন্য দু’জন স্থানীয় এগিয়ে এলেও চিতার ভয়ে প্রথমে চম্পট দেন। কিন্তু চিতা চলে গেলে দুধ ব্যবসায়ীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়।
উদয়পুরে চিতার দাপাদাপির ঘটনা এই প্রথম নয়। গত মাসেও শহরে চিতার আক্রমণে ১০ জনের প্রাণ গিয়েছিল। এরপরও চিতার দাপাদাপি কমেনি। প্রশাসনের তরফে বারবার চেষ্টা করা হলেও কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। এবার জঙ্গল পেরিয়ে সোজা রাস্তায় চলে এল চিতা।