
এ বছরের ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে গিয়ে মোদী-মাস্কের একান্ত বৈঠক হয়েছিল।
শেষ আপডেট: 19 April 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: এ বছরের শেষ নাগাদ ভারতে আসছেন বিশ্বের ধনীশ্রেষ্ঠ ব্যবসায়ী ইলন মাস্ক। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার সময় এদেশে আসার ইচ্ছাপ্রকাশ করেন টেসলা সিইও। তিনি এও বলেন যে, ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে পারায় নিজেকে সম্মানিত বোধ করছেন। মোদী জানান, তাঁদের মধ্যে তথ্যপ্রযুক্তি, সৃজনশীল কাজ, মহাকাশ ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।
মাস্কের সঙ্গে ফোনে বার্তালাপের বিষয়ে প্রধানমন্ত্রী এক্সে লিখেছেন, ইলন মাস্কের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা ও আলোচনা হয়েছে। চলতি বছরের গোড়ায় ওয়াশিংটন ডিসিতে আমাদের সাক্ষাতের সময় যে যে বিষয়ে কথা হয়েছিল, সেই প্রসঙ্গগুলিও উঠে আসে আলোচনায়। প্রযুক্তি ও উদ্ভাবনশীলতা ক্ষেত্রে সুগভীর ক্ষমতা ও সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। এই ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ভারতের সহযোগিতা বাড়িয়ে নিয়ে যাওয়ার পক্ষে আমরা দু তরফেই আশাবাদী।
প্রসঙ্গত, এ বছরের ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে গিয়ে মোদী-মাস্কের একান্ত বৈঠক হয়েছিল। স্পেস এক্সের মালিক মাস্ক তাঁর তিন ছেলেমেয়ে নিয়ে মোদীর সঙ্গে সেবার দেখা করেন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, দুজনের মধ্যে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। কারণ, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ইলন মাস্ক আপাতত সবথেকে প্রতিপত্তিশালী উপদেষ্টা।
মাস্কের ভারত সফরের ঘোষণা এমন সময়ে হল যখন স্পেস এক্সের মালিকানাধীন স্টারলিঙ্ক ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দেশীয় টেলিকম কোম্পানি জিও ও এয়ারটেলের সঙ্গে যৌথভাবে উপগ্রহ মাধ্যম ইন্টারনেট সার্ভিস করতে চলেছে মাস্কের কোম্পানি। এ সপ্তাহের প্রথম দিকে কোম্পানির বড় কর্তারা শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে দেখা করেন।