.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 3 August 2024 09:07
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোট দ্রুত সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট ৩০ সেপ্টেম্বেরর মধ্যে ভোট পর্ব শেষ করার নির্দেশ দিয়েছে। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন চাইছে যত দ্রুত সম্ভব ভোট সেরে ফেলতে।
আগামী ৭ ও ৮ অগাস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ শ্রীনগরে যাচ্ছে। কমিশন সেখানে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পাশাপাশি সেনা, আধা সেনা, পুলিশ এবং রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করবে।
মে আসে লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরে নিরাপদে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষও জঙ্গিদের হুমকি উপেক্ষা করে বিপুল সংখ্যায় ভোট দেয়। ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আশা প্রকাশ করেছিলেন, এরপর উপত্যকায় নির্বিঘ্নে বিধানসভার ভোট করানো সম্ভব হবে।
যদিও তারপর থেকে কাশ্মীরের পাশাপাশি জম্মুতেও জঙ্গি তৎপরতা বেড়েছে। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত বহু। মারা গিয়েছেন সাধারণ নাগরিকও।
প্রশাসন মনে করছে, ভোট আটকাতেই বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি সংগঠনগুলি হিংসার আশ্রয় নিচ্ছে। কাশ্মীরের আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি এবং জাতীয় দল কংগ্রেস অনেক দিন ধরেই বিধানসভা ভোটের দাবি জানিয়ে আসছিল। লোকসভা ভোটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দেন বিধানসভা ভোট করার পাশাপাশি জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার চেষ্টা হবে। ২০১৯ থেকে জম্মু-কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল। সেখানে শেষবার বিধানসভা ভোট হয়েছিল ২০১৪-তে।