
শেষ আপডেট: 27 October 2023 13:05
দ্য ওয়াল ব্যুরো: অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ‘শো-কজ’ নোটিস ধরালো নির্বাচন কমিশন। ৩০ অক্টোবর বিকাল ৫টার মধ্যে তাঁকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
হিমন্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি ছত্তীসগড়ে নির্বাচনী সভায় সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ দিয়েছেন। রাজ্যের কবর্ধা বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী এবার মহম্মদ আকবর নামে স্থানীয় এক ব্যক্তি। দিন কয়েক আগে বিজেপি প্রার্থীর হয়ে সেখানে প্রচারে গিয়ে হিমন্ত বলেন, ‘একজন আকবর টিকে গেলে একশো আকবরকে জড়ো করবে। তাই আকবরকে বিদায় জানানো জরুরি। নইলে মাতা কৌশল্যার ভূমি অপবিত্র হয়ে যাবে। এই ভূমিকে আমাদের রক্ষা করতে হবে।’
হিমন্তের ওই ভাষণের ভিডিও নির্বাচন কমিশনে জমা দিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল কংগ্রেস। লক্ষণীয় কমিশন নিজস্ব সূত্রে তদন্ত চালিয়ে ওই অভিযোগ নিয়ে নিশ্চিত হয়ে অসমের মুখ্যমন্ত্রীকে কারণ দর্শানোর চিঠি পাঠিয়ে বলেছে কেন তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না। প্রসঙ্গত, দেশে একমাত্র ছত্তীসগড়েই একটি প্রাচীন মন্দির কৌশল্যা মন্দির হিসাবে পরিচিত। সেটাই তাঁর জন্মভূমি বলেও পরিচিত।
দলীয় সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব কমিশনের চিঠিকে বেশ গুরুত্ব দিচ্ছে। তাঁরা মনে করছে, এই অভিযোগের জেরে হিমন্তের উপর প্রচারে নিষেধাজ্ঞা জারি করতে পারে কমিশন। তাতে দলেরই ক্ষতি। কারণ, ভোটমুখী রাজ্যগুলিতে অসমের মুখ্যমন্ত্রীর চাহিদা আছে। প্রাক্তন কংগ্রেসি এই নেতাকে বিজেপির বহু প্রার্থীই হাত শিবিরের মোকাবিলায় মঞ্চে তুলতে আগ্রহী। হিমন্ত ভাল হিন্দি জানেন। নির্বাচনী জনসভা জমাতেও পারদর্শী।
তবে এর আগে গুজরাত এবং কর্নাটকের ভোটের প্রচারে তাঁর বিরুদ্ধে ফাউল করার অভিযোগ ওঠে। গুজরাতের ভোটের সময় রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত ছিলেন। গোটা যাত্রা পর্বে দাড়ি রেখেছিলেন রাহুল। হিমন্ত মন্তব্য করেন, দাড়ি রাখায় রাহুলকে ইরাকের প্রয়াত স্বৈর-শাসক সাদ্দাম হুসেনের মতো দেখতে লাগছে।