.jpg)
চিকিৎসকের হাতে হেনস্থা প্রৌঢ়র!
শেষ আপডেট: 20 April 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন প্রৌঢ়। লাইনে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ। আচমকাই চিকিৎসক এসে চিৎকার শুরু করেন। ওই প্রৌঢ় এগিয়ে আসতেই তাঁকে চড় মারেন (Elderly Man harassed By Doctor)। এমনকি চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে হাসপাতালে বাইরে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। মধ্যপ্রদেশের এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৭ এপ্রিল। উদ্ধবলাল যোশী তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। প্রচুর রোগীদের ভিড় থাকায় করিডোরে হট্টগোল হতে থাকে। হঠাৎ একজন চিকিৎসক এসে উপস্থিত হন। অভিযোগ, তিনি বিরক্তির সুরে জানতে চান তাঁরা এখানে কী করছেন? এত চেঁচামেচি কেন? প্রৌঢ় উত্তর দিতে এগিয়ে এলে তাঁকে চড় মারে এবং টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায়।
প্রৌঢ় জানিয়েছেন, 'ওই চিকিৎসক আমাকে লাথি মেরেছে। আমাকে চড় মারে এবং আমার চশমা ভেঙে দেয়। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।' তাঁর স্ত্রীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় হাসপাতালের অন্যান্য রোগীর পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়। বিক্ষোভের মুখে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত চিকিৎসক। তাঁর বিরুদ্ধে নোটিস জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।