
লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা
শেষ আপডেট: 6 December 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তরপ্রদেশে দুর্ঘটনা! জলের ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল আট যাত্রীর। গুরুতর আহত আরও ১৯ জন।
শুক্রবার দুপুরে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘটে যায় দুর্ঘটনা। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দিল্লি যাচ্ছিল যাত্রীবোঝাই স্লিপার বাসটি। কিন্তু গন্তব্যে পৌঁছনর আগেই ঘটে যায় দুর্ঘটনা।
জানা গেছে, এদিন সৌরিখ ও সাকরাওয়া এলাকায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলের ট্যাঙ্কারে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট যাত্রীর। গুরুতর আহত অবস্থায় আরও ১৯ জন যাত্রীকে সাইফাই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে পৃথক দুটি দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় পিলভিটে গাড়ি দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। অন্যদিকে শুক্রবার ভোরে চিত্রকূটের দুর্ঘটনায় আরও পাঁচজনের মৃত্যুর খবরও সামনে আসে। ফের যোগীরাজ্যে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কয়েকদিন আগেই লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেছিল পাঁচজন চিকিৎসকের। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
লখনউয়ে একটি অনুষ্ঠান বাড়িতে গেছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ডাক্তারদের গাড়িটি ডিভাইডার ভেঙে অপরদিক থেকে আসা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের।