
অরবিন্দ কেজরিওয়াল।
শেষ আপডেট: 10 May 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি আবগারি দুর্নীতিতে কি জড়িত গোটা দল? এমনই অভিযোগ আনতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধে আজ চার্জশিট পেশ করার সম্ভাবনা আছে। এই প্রথমবার কোনও সর্বভারতীয় দলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসতে পারে।
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আজ শুক্রবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সরকারি অর্থ তছরুপের অভিযোগে এই প্রথম মূল অভিযুক্ত হিসেবে কেজরিওয়ালের নাম উঠে আসতে পারে। সুপ্রিম কোর্টে একই মামলায় মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের শুনানি আছে। মনে করা হচ্ছে, জামিনের মামলার রায়দানের পরেই এই চার্জশিট পেশ করতে পারে ইডি। সেখানে কেজরিওয়ালকে আবগারি দুর্নীতির 'কিংপিন' বলে উল্লেখ করে গোটা দলের নামই পেশ করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
২০২১ সালে দিল্লির আবগারি নীতিতে বদল আনে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার। পরে যদিও সেই নীতি বাতিল করা হয়। সিবিআই সেই সময় দাবি করেছিল, ২০২১-২২ সালের আবগারি নীতিতে দিল্লি সরকার কয়েক জন মদ ব্যবসায়ীকে অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধা পাইয়ে দিয়েছিল। তার বদলে বিপুল অর্থের লেনদেন হয়েছিল। যদিও গোড়া থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আপ।
২০২২ থেকে প্রকাশ্যে আসে দিল্লির আবগারি দুর্নীতির বিষয়টি। তার পর থেকে একের পর এক আপ নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এমনকী গ্রেফতার হতে হয়েছে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও। কেবল আপ নয়, আবগারি দুর্নীতিতে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতাকেও গ্রেফতার করেছে ইডি। সব মিলিয়ে এখনও পর্যন্ত আবগারি দুর্নীতিতে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, আপকে অভিযুক্ত করার পাশাপাশি কেজরির বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ আনতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত আজকে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা চলছে। রায়দানের পরেই বিস্ফোরক চার্জশিটটি পেশ করার সম্ভাবনা আছে।