
শেষ আপডেট: 4 November 2023 17:07
দ্য ওয়াল ব্যুরো: বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের মামলায় রাজস্থানের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার তাঁকে জয়পুরের ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে। রাজস্থানে এখন বিধানসভা নির্বাচনের উত্তেজনা চরমে। ২৫ তারিখ রাজ্যে ভোট গ্রহণ। এমন সময় মুখ্যমন্ত্রীর পুত্রকে ইডির তলব নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
এমনিতেই রাজস্থানে গেহলট সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবনতিকে নির্বাচনে ইস্যু করেছে পদ্ম বিজেপি। আসলে গেহলট সরকারের ভাল কাজকে পদ্ম শিবিরও উপেক্ষা করতে পারছে না। নানা সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের কংগ্রেস সরকারের কাজকর্মের প্রশংসা করেছেন। এমনকী বিজেপি ক্ষমতায় এলে ভাল প্রকল্পগুলি চালু রাখা হবে বলেও প্রকাশ্য সভায় কথা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তবে দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ে ছেড়ে কথা বলছেন না মোদী। ইতিমধ্যে দু’বার মরুরাজ্যে ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী এই দুই ইস্যুকে গেহলট সরকারকে নিশানা করেন। ভোটের প্রচারের মধ্যে মুখ্যমন্ত্রীর পুত্রকে ইডির তলব নয়া মাত্রা পেয়েছে।
এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসারার বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। তাদের আর একটি দল গিয়েছে নির্দল বিধায়ক ওমপ্রকাশ হুদলার বাড়িতে।
গেহলট পুত্রকে তলব করা হয়েছে, রাজস্থান ভিত্তিক হসপিটালিটি গ্রুপ ট্রাইটন হোটেলস অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড ইডির সাম্প্রতিক অভিযানের ভিত্তিতে। ওই প্রতিষ্ঠানের মালিক ভার্ধা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের পরিচালক এবং প্রবর্তক শিব শঙ্কর শর্মা, রতন কান্ত শর্মা এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদের পর তলব করা হয়েছে গেহলট পুত্রকে।
মুখ্যমন্ত্রী গেহলট এক্স হ্যান্ডেলে তাঁর পুত্রকে তলব এবং প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়িতে তল্লাশিকে বিজেপির প্রতিহিংসা বলে বর্ণনা করেছেন। বলেছেন, বুধবার আমার সরকার মহিলাদের জন্য নানা সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছে। আর পরদিনই রাজ্য কংগ্রেস সভাপতির বাড়িতে ইডি হানা দিয়েছে, ডেকে পাঠিয়েছে আমার পুত্রকে।
প্রদেশ কংগ্রেস সভাপতি এবং নির্দল বিধায়কের বাড়িতে ইডি হানা দিয়েছে ২০২১-এর প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির তদন্তে। শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজের সিআইডি আগেই তদন্তে নামে। তারা রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। সেই ব্যক্তি মুখ্যমন্ত্রী গেহলটের ঘনিষ্ঠ বলেই তাঁকে গ্রেফতার করা হয়নি, এমনটাই অভিযোগ বিরোধীদের। ডোটাসারার জয়পুর এবং শিকার জেলার বাড়ি ছাড়াও আরও ছয় জায়গায় হানা দিয়েছে ইডি। প্রদেশ কংগ্রেস সভাপতি শিকারের বাড়িতে আছেন।
গত সপ্তাহে ইডি কংগ্রেস নেতা দীনেশ খাদানিয়ার বাড়ি অফিসে তল্লাশি চালিয়ে হিসাব বহির্ভুত ১২ লাখ টাকা বাজেয়াপ্ত করে। খাদানিয়াকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়িতে তল্লাশির সিদ্ধান্ত নিয়েছে বলে ইডি সূত্র জানিয়েছে।