
শেষ আপডেট: 21 December 2023 07:17
দ্য ওয়াল ব্যুরো: ঘুষের বিনিময়ে রেলে চাকরি দেওয়ার অভিযোগের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করল আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর পুত্র তেজস্বীকে। লালুপ্রসাদের দ্বিতীয় পুত্র তেজস্বী বিহারের উপমুখ্যমন্ত্রী।
এই মামলায় সিবিআই আগেই বাবা ও ছেলেকে জেরা করেছে। সিবিআইয়ের দায়ের করা মামলায় বেআইনি পথে অর্থ লেনদেনের অভিযোগের তদন্ত করছে ইডি। লালু প্রসাদকে শুক্রবার এবং তেজস্বীকে আগামী ২৭ ডিসেম্বর দিল্লির ইডি অফিসে যেতে বলা হয়েছে।
রাষ্ট্রীয় জনতা দলের আশঙ্কা, দুই নেতাকে গ্রেফতার করতে পারে তদন্তকারী সংস্থাটি। পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় লালুপ্রসাদ বর্তমানে জামিনে মুক্ত। তাঁর জামিন খারিজ করে ফের জেলে পাঠাতে তৎপর সিবিআই। তারা দিল্লি হাইকোর্টে মামলা করেছে। আরজেডি নেতৃত্ব তখন থেকেই আশঙ্কা করছে, লোকসভা ভোটের আগে দলীয় সুপ্রিমোকে ফের জেলে পুরতে চাইছে মোদী সরকার।
২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ। রেলে মন্ত্রীর কোটায় গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার সুযোগ আছে। অভিযোগ, লালুপ্রসাদের পরিবার মন্ত্রীর কোটার চাকরি বিক্রি করে মোটা টাকা পেয়েছে।
এই ক্ষেত্রে নগদ টাকার পরিবর্তে চাকরি প্রাপকদের কাছ থেকে অল্প দামে জমি কিনে নেয় লালু প্রসাদের পরিবারের সদস্যরা। পরে সেই জমি বেশি দামে বিক্রি করে বিপুল অর্থ রোজগার করেছে তারা।
তদন্তে নেমে ইডি ও সিবিআই লালুপ্রসাদের স্ত্রী রাবড়ি দেবী এবং তেজস্বী ও তাঁর চার বিবাহিত দিদি এবং বোনকে জেরা করে। সকলের নামেই জমি কেনা হয়েছিল।
এ বছরের গোড়ায় ইডি লালপ্রসাদ, তেজস্বীদের পাটনা, দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের বাড়ি, অফিসে হানা দেয়। কয়েক কোটি টাকার জমি বাজেয়াপ্ত করেছে এই তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত করেছে নগদ অর্থও।