
শেষ আপডেট: 13 January 2024 10:17
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মদ দুর্নীতির মামলায় ইডি ফের তলব করল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিওয়ালকে। ১৮ জানুয়ারি তাঁকে ইডির দিল্লির অফিসে হাজির হতে বলা হয়েছে।
তবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির শীর্ষ নেতা এবারও তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন না। ইডিকে তিনি জানিয়েছেন, ওইদিন গোয়ায় দলের লোকসভা ভোটের প্রস্তুতি সভায় থাকবেন তিনি। পরদিন অর্থাৎ ১৯ জানুয়ারি ব্যস্ত থাকবেন রাজ্যসভার ভোট নিয়ে। রাজ্যসভায় দিল্লির তিন আসনে ওইদিন ভোট নেওয়া হবে।
এবার নিয়ে গত তিন মাসে কেজরিওয়াল চারবার ইডির নোটিস উপেক্ষা করলেন। ইডি সূত্রে খবর তারা এবার আদালতে যাবে। কারণ মদ কাণ্ডের প্রথম চার্জশিটেই নাম রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর।
কেন বারে বারে ইডিকে এড়িয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী? দলীয় সূত্রের খবর, গ্রেফতারের আশঙ্কা করছেন কেজরিওয়াল। তিনি জেলে চলে গেলে দল ও সরকারের হাল কে ধরবেন, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি আপ সুপ্রিমো।
প্রায় দু বছর হতে চলল প্রাক্তন আবগারি মন্ত্রী মণীশ সিশোদিয়া মদ দুর্নীতির মামলায় জেলে রয়েছেন। তিনি ছিলেন কেজরিওয়ালের দক্ষিণ হস্ত। মাস ছয়েক হতে চলল জেল বন্দি আপের আর এক গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। ফলে নেতার অভাবও তীব্র এখন আপে।
এই সময় দলের প্রধান কেজরিওয়াল জেলে চলে গেলে সমূহ বিপদ। তাই ইডির তলবে সাড়া দিচ্ছেন না তিনি।