
শেষ আপডেট: 25 February 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সুবিধা নেওয়ার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ঘিরে সামনে এসেছিল শিল্পপতি তথা মুম্বইয়ের রিয়েল এস্টেট কোম্পানির অন্যতম কর্ণধার দর্শন হীরানন্দানির নাম। তাঁকে এবং তাঁর বাবা নিরঞ্জন হীরানন্দানিকে সোমবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির মুম্বই অফিসে দেখা করতে বলা হয়েছে দু’জনকে।
তবে এই তলবের সঙ্গে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও সম্পর্ক নেই। সেই ঘটনা নিয়ে পৃথক তদন্ত করছে ইডি। হীরানন্দানি গ্রুপের বাবা ও ছেলেকে তলব করা হয়েছে বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগের তদন্তে। তবে দু’জনকেই বলা হয়েছে, প্রথমদিন তাঁরা চাইলে প্রতিনিধি মারফত নিজেদের বক্তব্য জানাতে পারেন। তাঁদের দেখা করতে বলা হয়েছে সোমবার।
দর্শন হীরানন্দানি মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে লোকসভার সচিবালয়কে হলফনামা দিয়ে জানিয়েছিলেন তিনি কৃষ্ণনগরের সাংসদের জন্য প্রশ্ন তৈরি করে সংসদের সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করেছেন। অন্যদিকে, মহুয়া দাবি করেন, দর্শন তাঁর বন্ধু। সেই সম্পর্কের সুবাদে সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে তিনি দর্শনের পরামর্শ নিয়েছেন। পোর্টালের পাসওয়ার্ড কারও সঙ্গে বিনিময় করা যাবে না, সাংসদদের আচরণবিধিতে এমন কথা কোথাও বলা নেই। ফলে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন।
তার আগে বিজেপির ঝাড়খণ্ডের গোণ্ডার সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি গৌতম আদানিকে নিশানা করতে মহুয়া তাঁর শিল্পপতি বন্ধু দর্শনকে দিয়ে প্রশ্ন পেশ করেছেন। এর বিনিময়ে তৃণমূল সাংসদ দর্শনের কাছ থেকে উপহার নিয়েছেন বলেও অভিযোগ করেন নিশিকান্ত। সেই অভিযোগের তদন্তের রিপোর্টের ভিত্তিতে লোকসভার স্পিকার ওম বিড়লা সদস্যপদ কেড়ে নেন মহুয়ার।
নিশিকান্ত লোকপালের কাছেও মহুয়ার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। লোকপালের নির্দেশে ইডি ওই ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে। মহুয়াকে তলবও করেছে তদন্তকারী সংস্থাটি।