
তেজস্বী যাদব ও লালুপ্রসাদ যাদব।
শেষ আপডেট: 6 August 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো: জমির বদলে চাকরি কেলেঙ্কারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর ছেলে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক বিশাল গোগনের কাছে অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইডি।
রাষ্ট্রীয় জনতা দল প্রধান তথা প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং তাঁর ছেলে তেজস্বীসহ পরিবারের সদস্যদের কেলেঙ্কারিতে জড়িত থাকার চার্জ গঠন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ আগস্ট। গত জানুয়ারিতে জমা দেওয়া চার্জশিটে ইডি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, লালু-রাবড়ি কন্যা মিসা ভারতী, একজন এমপি হেমা যাদবের নাম দিয়েছিল।
তাঁদের সঙ্গেই নাম ছিল ব্যবসায়ী অমিত কাটিয়াল এবং প্রাক্তন রেলকর্মী হৃদয়ানন্দ চৌধুরির। সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে ইডি সরকারি অর্থ তছরুপ দমন আইনে মামলা দায়ের করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন ঘুষ হিসেবে জমি হাতিয়ে রেলে চাকরি দিয়েছিলেন।
অর্থ তছরুপের মামলায় ইডি গতবছর ইডি লালুর পরিবারের ২৪টি জায়গায় তল্লাশি চালায়। তাদের দাবি এই কেলেঙ্কারিতে আনুমানিক ৬০০ কোটি টাকার লেনদেনের প্রমাণ রয়েছে। যার মধ্যে সংস্থার অভিযোগ, ৩৫০ কোটি টাকা অস্থাবর সম্পত্তিতে খরচ হয়েছে এবং ২৫০ কোটি টাকা বিভিন্ন বেনামি খাতে খরচ করেছে যাদব পরিবার।