
শেষ আপডেট: 10 February 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করেছে ইডি। সিবিআইয়ের করা মামলায় ইতিমধ্যেই তদন্ত চলছে সমীরের বিরুদ্ধে। এবার তাঁদের এফআইআরের ভিত্তিতেই এনসিবির এই প্রাক্তন অফিসারের বিরুদ্ধে পিএমএলএ আইনে মামলা দায়ের করেছে ইডি। আগামী সপ্তাহে তাঁকে তলব করা হতে পারে বলে সূত্রের খবর। সমীর ছাড়াও আরও তিন এনসিবি অফিসারকে তলব করা হয়েছে।
বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকচক্রে গ্রেফতারির মামলায় সমীরের বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এখন আর্থিক দুর্নীতির মামলায় ইডির নজরে পড়লেন প্রাক্তন এনসিবি অফিসার। যদিও ইডি তাঁর বিরুদ্ধে মামলা করছে জানার পরই সমীর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ না করা হয়, সেই আর্জি করেছেন তিনি।
আরিয়ানের মামলায় সমীর ওয়াংখেড়ে ছাড়াও অভিযুক্ত এনসিবির প্রাক্তন এসপি বিশ্ববিজয় সিং, অফিসার আশিস রঞ্জন, কিরণ গোসাভি এবং সানভিল ডিসুজা। সকলকেই সিবিআই ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে। তবে বিষয়টি এখানেই সীমাবদ্ধ ছিল না। পুরোদস্তুর লেগেছিল রাজনীতির রঙ। কারণ, মহারাষ্ট্রের এনসিপি নেতা নবাব মালিক, সমীরের বিরুদ্ধে আইন-বহির্ভূত ভাবে বলিউড তারকাদের ফোন ট্যাপ করার অভিযোগ এনেছিলেন।
সমীর শুধু সৎ নন, এনসিবির একজন দাবাং অফিসার হিসেবেও পরিচিত ছিলেন। কিন্তু মাদক মামলায় আরিয়ান খানকে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধেই উঠেছে একের পর এক অভিযোগ। তিনি অবশ্য বারবার দাবি করে এসেছিলেন, প্রভাবশালী শাহরুখ-পুত্রকে গ্রেফতারের পর থেকেই মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। তাঁকে ফ্রেম করা হচ্ছে।