
Rajeev Kumar
শেষ আপডেট: 13 March 2024 23:09
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মঙ্গলবার বিকেলে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য জমা দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শীর্ষ আদালত জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সেই তথ্য আগামী ১৫ মার্চ বিকেলের মধ্যে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে। নির্বাচন কমিশন কি সময় মতো সেই তথ্য প্রকাশ্যে আনবে, না তারাও এসবিআই-এর মতো সময় চাইবে? এই প্রশ্ন সব মহলে ঘোরাফেরা করছিল। বিষয়টি নিয়ে অবশ্য সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
নির্বাচনী বন্ডের তথ্য জানানোর জন্য ৬ মাস সময় চেয়েছিল এসবিআই। এই নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টের 'ধমক' পর্যন্ত খায়। দেশের সর্বোচ্চ আদালত গত সোমবার স্পষ্ট নির্দেশ দিয়েছিল, একদিনের মধ্যেই সেই তথ্য জমা দিতে হবে। সেই অনুযায়ী তথ্য জমা দেওয়া হয়েছে। এবার নির্বাচন কমিশনকে আগামী শুক্রবারের মধ্যে সেই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এসবিআই সময় মতো তাঁদের কাছে সব তথ্য দিয়েছে। আদালতের নির্দেশ মেনে সেই তথ্য যথা সময়ে প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ কোনও ভাবেই অমান্য করবে না নির্বাচন কমিশন।
বুধবারই নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টকে এক হলফনামায় জানিয়েছে, ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২২ হাজার ২১৭টি বন্ড ইস্যু করা হয়েছে। এর মধ্যে ২২ হাজার ৩০টিই ভাঙিয়ে নিয়েছে রাজনৈতিক দলগুলি। বাকি ১৮৭টিও ভাঙানো হয়েছে এবং তার অর্থ জমা হয়েছে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে। পাশাপাশি বন্ডের তথ্য তারা নির্বাচন কমিশনকে একটি পেন ড্রাইভে দুটি পিডিএফ ফাইলে জমা দিয়েছে। পিডিএফ ফাইল দুটি পাসওয়ার্ড রক্ষিত। অর্থাৎ নির্দিষ্ট পাসওয়ার্ডে খুলে দেখা যাবে।
ইলেক্টোরাল বন্ডের ব্যবস্থা অত্যন্ত সাধু উদ্যোগ বলে বর্ণনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এহেন বন্ডের ব্যবস্থা সংবিধানসম্মত নয়। ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে আজ পর্যন্ত ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে কে কত টাকা চাঁদা দিয়েছে তার হিসাব পেশ করতে বলে আদালত।