
প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 April 2025 21:51
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক মাসে ভারতবর্ষে একাধিকবার ভূমিকম্প (Earthquake) হয়েছে। সম্প্রতি মায়ানমার এবং থাইল্যান্ডের পরিণতি তো আরও আতঙ্ক বাড়িয়েছে। এরই মধ্যে ফের কেঁপে উঠল দেশের মাটি। দিল্লি, নয়ডা, গুরুগ্রামের মতো এলাকায় কম্পন অনুভূত হয়েছে। যদিও এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল (Nepal)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার সন্ধে ৭টা ৫২ মিনিট নাগাদ নেপালে মাটির নীচে ২০ কিলোমিটার গভীরে কম্পন হয়। যদিও এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক খবর অনুযায়ী, কারও মৃত্যু হয়নি। তবে আগামী কয়েক ঘণ্টায় কী তথ্য বেরিয়ে আসে, তারই অপেক্ষা করছে সকলে।
মায়ানমারে ভূমিকম্পের পর থেকে এশিয়ার একাধিক অঞ্চলে কম্পনের মাত্রা বাড়ছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। প্রথমবার মায়ানমারে যে কম্পন হয়েছিল তার মাত্রা ছিল ৭-এর ওপর। পরে 'আফটার শক'-এর পরিমাণ ছিল প্রায় ৫। কম্পনের ফলে মায়ানমার এবং থাইল্যান্ড মিলিয়ে অন্তত ৩ হাজার জনের মৃত্যু হয়েছে। তাই স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে ভারত সহ পার্শ্ববর্তী একাধিক দেশে।
বিজ্ঞানীরা জানিয়েছিলেন, মায়ানমারের নীচে ভারতীয় এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে অন্তত ৩৩৪টি পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে। যা আলাদা করে আতঙ্ক সৃষ্টি করেছে। এই অবস্থায় অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমার। বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। এমনকী, অল্প সময়ের মধ্যেই ত্রাণ সামগ্রী নিয়ে সে দেশে পৌঁছে যায় ভারতের বিমান।