
শেষ আপডেট: 26 December 2023 11:34
দ্য ওয়াল ব্যুরো: গুজরাত উপকূলের কাছেই ভারত মহাসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। মাঝ সমুদ্রেই দাউদাউ করে জ্বলতে থাকে জাহাজটি। জানা গেছে, রাসায়নিক ট্যাঙ্কার ছিল জাহাজে। সৌদি আরব থেকে তেল নিয়ে সেটি ভারতের দিকেই আসছিল। জাহাজটিতে ক্রু-সহ ২০ জন ভারতীয় ছিলেন। যদিও হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রিটিশ সেনার ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, বাণিজ্যিক ওই জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। পরিকল্পিত হামলা বলেই জানা গেছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বাণিজ্যিক জাহাজটি ইজরায়েলের। কাজেই এই হামলার সঙ্গে ইজরায়েল-হামাস যোগ আছে বলে মনে করছেন অনেকে।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, গুজরাতের ভেরাভাল উপকূল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ড্রোন হামলা হয়। ড্রোন হামলার জেরে তীব্র বিস্ফোরণ হয় জহাজের ডেকে। এই আবহে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। হামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অবশ্য ভারতীয় নৌবাহিনীর তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি এই নিয়ে।
UKMTO WARNING 018/DEC/2023
— United Kingdom Maritime Trade Operations (UKMTO) (@UK_MTO) December 23, 2023
ATTACK – INCIDENT 018 UPDATE 01
UKMTO have received a report of an attack by Uncrewed Aerial System (UAS) on a vessel causing an explosion and fire. https://t.co/qFzIsjDvnj#MaritimeSecurity #marsec pic.twitter.com/gBARms8K9T
ঘটনার পরই বন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। গুজরাত বন্দরে সতর্কতা জারি হয়েছে। উপকূলরক্ষী বাহিনীকে সমস্ত জাহাজের উপর সতর্ক নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় ইজরায়েল-হামাস যুদ্ধের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। ইজরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগরে ইজরায়েলি কোনও বাণিজ্যিক জাহাজ দেখা গেলেই তার উপর হামলা হচ্ছে। এর আগেও লোহিত সাগরে একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এই সংগঠন হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইজরায়েল-হামাস যুদ্ধে তারা হামাসের পক্ষে। সবসময়েই প্য়ালেস্তাইনকে সমর্থন করবে। গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরোধিতা করতেই তারা ইজরায়েলি যে কোনও জাহাজেই হামলা চালাবে।
ইজরায়েল-হামাসের যুদ্ধে এই মুহূর্তে দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক মহল। গোড়ার দিকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশ ইজরায়েলকে সমর্থন করলেও, গাজায় যে হারে প্রাণহানি হচ্ছে তাতে ইজরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বলেছে অনেক দেশই। রাষ্ট্রপুঞ্জ যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করছে। যুদ্ধবিরতি চেয়ে ভোট দিচ্ছে অনেক দেশই। কিন্তু ইজরায়েল ঘোষণা করেছে গাজাকে হামাস-মুক্ত না করা অবধি তারা যুদ্ধ বন্ধ করবে না।