পুলিশের দাবি, সনি সন্দেহ করেছিলেন যে, স্ত্রীর অন্য কারও সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে।

শেষ আপডেট: 19 October 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: একেবারে বলিউডের ‘দৃশ্যম’ সিনেমার ধাঁচে খুনের পরিকল্পনা। স্ত্রীকে খুন করে নির্মীয়মান একটি বাড়ির কাছে দেহ পুঁতে দিলেন স্বামী। কেরালার আয়ারকুন্নামে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের ধারাপাড়া গ্রামে থাকতেন ৩১ বছর বয়সি সনি এসকে। আয়ারকুন্নামে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। নিজের স্ত্রী আল্পনা খাতুনকে, বছর ২৮ বছর, খুন করে প্রমাণ লোপাটের চেষ্টায় নির্মীয়মান একটি বাড়ির পাশে পুঁতে দেন। পালানোর সময় এর্নাকুলাম রেলওয়ে স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, আল্পনা খাতুন মুর্শিদাবাদ থেকে এসেছিলেন স্বামীর সঙ্গে। ১৭ অক্টোবর সনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে, ১৪ অক্টোবর সকাল ৮টা নাগাদ বাজারে কেনাকাটা করতে গিয়ে তাঁর স্ত্রী নিখোঁজ হয়ে যান। তিনি কাজ থেকে ফেরেন সন্ধ্যা ৬:৩০টা নাগাদ, কিন্তু স্ত্রীকে বাড়িতে দেখতে পাননি। এরপর তিন দিন পেরিয়ে গেলে ১৭ অক্টোবর তিনি নিখোঁজের অভিযোগ করেন।
পুলিশের সন্দেহ আরও বাড়ে, কারণ তিনি তিন দিন পরে ঘটনাটি জানাতে থানায় আসেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, কিন্তু সেখানেও আল্পনাকে দেখা যায়নি, তারপর জোরকদমে তদন্ত শুরু করে পুলিশ।
শনিবার বিকেল ৪টায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদে হাজির হতে বললেও, সনি পুলিশকে অবজ্ঞা করে নিজের সন্তানদের নিয়ে পশ্চিমবঙ্গের ট্রেনে চড়ার জন্য এর্নাকুলামে চলে যান। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে এবং তদন্তের জন্য ফেরত নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সনি স্বীকার করেছেন যে ১৪ অক্টোবর সকালে তিনি স্ত্রীকে প্রথমে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে লোহার ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করেন। এরপর তিনি নির্মীয়মান একটি বাড়ির পাশে দেহ পুঁতে দেন। পুলিশের দাবি, সনি সন্দেহ করেছিলেন যে, স্ত্রীর অন্য কারও সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে।
ঘটনার পুনর্নির্মানের জন্য প্রায় বিকেল ৩টার দিকে পুলিশ সনিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তিনি স্ত্রীর দেহ চাপা দিয়েছিলেন। মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করা হয়। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অভিযুক্তকে থানায় স্থানান্তর করা হয় এবং গ্রেফতার করা হয়। পরে তাকে রিমান্ডের জন্য আদালতে তোলা হবে।