
শেষ আপডেট: 13 March 2024 09:08
দ্য ওয়াল ব্যুরো: দূরদর্শনে নতুন অনুষ্ঠান চালু হতে চলেছে। প্রতিদিন এই সরকারি টেলিভিশন সংস্থা অযোধ্যার রাম মন্দিরের আরতি লাইভ সম্প্রচার করবে। কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
দূরদর্শন সূত্রে জানানো হয়েছে, প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে আধঘন্টা আরতির দৃশ্য লাইভ দেখানো হবে। সরকারি সূত্রে বলা হয়, রাম মন্দির উদ্বোধনের পর প্রতিদিন কয়েক লাখ মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন রামলালাকে দর্শনে। কিন্তু ইচ্ছা থাকলেও অনেকের সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই দূরদর্শনে আরতি দেখানোর সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২২ জানুয়ারি অযোধ্যায় নতুন রাম মন্দিরের উদ্বোধন করেন। তারপর থেকেই সেখানে ভক্তের ঢল নেমেছে। প্রতিদিন লাখ লাখ মানুষ মন্দির দর্শন করছেন। তবে তাদের পক্ষেও আরতির সময় থাকা সম্ভব হচ্ছে না। ভিড় সামাল দিতে মন্দিরের প্রধান দ্বারে কয়েক সেকেন্ড দাঁড়ানোর সুযোগ মিলছে। দেশের অন্যান্য তীর্থস্থানে এত কড়াকড়ি নেই। সেখানে আরতি দেখার ব্যবস্থা আছে।
দূরদর্শন জানিয়েছে, ১৭ এপ্রিল রামনবমীর দিন আরতি লাইভ সম্প্রচার শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, দূরদর্শন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান প্রচার করে থাকে।