
প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 January 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: একে বোধহয় বলা যায় কুকুরের 'মানবিকতা'! রক্তদান উৎসবে যোগ দিল পথকুকুরের দলও। অবাক হচ্ছেন! চোখ কপালে তুলে দেওয়ার মতো ঘটনাটিকে সত্যি করে তুলেছে রাজস্থানের আলোয়ার জেলার একদল পশুপ্রেমী ও পশু চিকিৎসকরা। যেখানে মূলত তাঁদেরই উদ্যোগে কিছু কুকুর প্রাণ বাঁচিয়ে চলেছে পথদুর্ঘটনায় জখম হওয়া এবং অসুস্থ পশুদের। মানুষের মতোই 'স্বেচ্ছা' রক্তদান করছে কালু, বহরা এবং ভুরি।
একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও আলোয়ারের পশু হাসপাতালের যৌথ উদ্যোগে এই অসাধ্যসাধন সফল হয়েছে। তাঁদের কথায়, মাঝেমধ্যেই গাড়ি চাপা পড়ে অনেক কুকুর। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থেকে তাদের অনেকের মৃত্যু হয়। এ ধরনের সারমেয় মৃত্যু ঠেকাতে আমরা সুস্বাস্থ্যের কুকুরদের রক্ত সংগ্রহ করছি। রক্তদাতা কালু, বহরা ও ভুরি নিজেরাও একসময় দুর্ঘটনার শিকার।
ওই সংগঠন সূত্রে জানা গিয়েছে, কুকুরদের মধ্যে ১৩-২০ রকমের রক্তের গ্রুপ রয়েছে। ফলে রক্ত ম্যাচ করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। একটি স্বাস্থ্যবান কুকুর বছরে ৫ থেকে ৬ বার রক্তদান করতে পারে। সেই সংগৃহীত রক্ত বিশেষ তাপমাত্রায় ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই সংগঠনের কাছে প্রায় ৮৫টি কুকুর, বাঁদর-হনুমান, পায়রা ও বন্য পশু রয়েছে। যাদের বেশিরভাগই পথদুর্ঘটনায় জখম হয়েছিল। প্রথমে তাদের চিকিৎসা হয় পশু হাসপাতালে, তারপর নিয়ে আসা হয় এখানে।
পশু চিকিৎসক অনুজ টোমার জানান, কুকুরের রক্তদান নিরাপদ এবং তাতে প্রাণরক্ষা পায়। এতে পশুদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে। পশুরাও যে তাদের সীমাবদ্ধতার মধ্যে অন্যের উপকার করতে পারে, এই রক্তদানই তার প্রমাণ।