
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
শেষ আপডেট: 22 March 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার আসন সংখ্যার পুনর্বিন্যাস, আঞ্চলিক ভাষার মর্যাদা রক্ষা ও জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার কেন্দ্রীয় প্রচেষ্টার বিরুদ্ধে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ডাকা মহাবৈঠক চলছে আজ, শনিবার। বৈঠকের উদ্বোধনী ভাষণে ডিএমকে প্রধান বলেন, আজ আমরা এখানে জড়ো হয়েছি দেশের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষার করা তাগিদে। এদেশের প্রতিটি দেশের নিজস্ব পরিচয়, সংস্কৃতি রয়েছে। ভারতের সৌন্দর্যই বিবিধতার মধ্যে ঐক্য। এই সমস্ত রাজ্য যখন নিজস্ব মর্যাদায়, পরিচয়ে, সংস্কৃতির ধারা বজায় রেখে চলতে পারবে, তখনই এদেশ প্রকৃত যুক্তরাষ্ট্রীয় হয়ে উঠবে।
লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের বৈঠকের পর এই প্রথমবার বিরোধী শক্তিগুলির ঐক্যের শক্তি প্রদর্শন হতে চলেছে চেন্নাইয়ে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই বৈঠকে হাজির থাকছেন। কিন্তু, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তামিল মুখ্যমন্ত্রী নিজে আমন্ত্রণ জানালেও তৃণমূল নেত্রীর বিদেশ সফর থাকার তিনি হাজির থাকতে পারছেন না। তবে রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের কোনও প্রতিনিধিকেও বিজেপির এই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে মহাবৈঠকে পাঠানো হয়নি।
এছাড়াও এই বৈঠকে হাজির থাকছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, বিজু জনতা দলের প্রবীণ দুই নেতা এবং ভারত রাষ্ট্র সমিতির প্রতিনিধিরাও। থাকবেন শিরোমণি অকালি দলের কার্যকরী সভাপতি, মুসলিম লিগের সাধারণ সম্পাদকও। স্ট্যালিন এর আগেই স্বচ্ছতা রক্ষা করে লোকসভার আসন সংখ্যা পুনর্বিন্যাসের কাজে এই বৈঠকে যৌথ অ্যাকশন কমিটি গঠনের ডাক দিয়েছিলেন। ডিএমকে সূত্র জানিয়েছে, বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দল কোনও প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসেবে স্ট্যালিনের আমন্ত্রিত কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব বৈঠকে হাজির থাকলেও কেবলমাত্র বাংলা থেকে কেউ প্রতিনিধিত্ব করছেন না কেন্দ্রীয় নীতি বিরোধী এই মহাযজ্ঞে।
এই বৈঠক প্রসঙ্গে শুক্রবার মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেন, এটা সাধারণ কোনও বৈঠকের থেকেও গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকেই আগামী ১০০ বছরের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এখানে আন্দোলনের যে রূপরেখা তৈরি হবে, তা আগামী দিনের ভারতের কাঠামো গড়ে দেবে। বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই অবশ্য এই ধরনের বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর কথায়, এ বৈঠক মানুষকে ভুল বোঝানোর নাটক। বৈঠকে উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী অবশ্য বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, আসন পুনর্বিন্যাসের নামে বিজেপি রাজ্যগুলিকে দুর্বল করার চেষ্টায় নেমেছে। আমাদের সকলে মিলে সেই চেষ্টা রুখে দিতে হবে।