
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার
শেষ আপডেট: 3 March 2025 11:13
দ্য ওয়াল ব্যুরো: এ বছরের ডিসেম্বরের মধ্যেই কর্নাটকের মুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার। দেশের যে তিন রাজ্যে কংগ্রেসের সরকার চলছে, তার অন্যতম একটি কর্নাটক। সেখানে ভোটে জেতার পরদিন থেকেই মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই চলছে বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের মধ্যে। কিন্তু, তারপরে মহিশূর নগরোন্নয়ন কর্তৃপক্ষের জমি দুর্নীতি নিয়ে সিদ্দারামাইয়ার পরিবারের বিরুদ্ধে আঙুল উঠলে ও তদন্ত শুরু হওয়ায় কংগ্রেসের ভিতরেই তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে এখন সিদ্দারামাইয়াকে সরিয়ে শিবকুমারকে নিয়ে আসার দাবি ক্রমশ জোরাল হচ্ছে।
রাজ্য কংগ্রেসে প্রভাবশালী দুই নেতার দাবি, এ বছরের মধ্যেই হাইকমান্ড মুখ্যমন্ত্রী বদলে দেবে। দলের এক বিধায়ক বাসবরাজু ভি শিবগঙ্গার কথায় উপমুখ্যমন্ত্রী শিবকুমার ডিসেম্বরের মধ্যেই মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুধু তাই নয়, শিবকুমার তারপর থেকে আরও সাড়ে সাত বছর ধরে মুখ্যমন্ত্রী থাকবেন তিনি। অর্থাৎ পরবর্তী বিধানসভা ভোটেও শিবকুমারের নেতৃত্ব দল রাজ্যে বিজয়ী হবে বলে দাবি বাসবরাজুর।
বাসবরাজু বলেন, আপনারা লিখে রাখুন, ডিসেম্বরেই মুখ্যমন্ত্রী বদলে যাবে। আপনারা চাইলে আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি। তবে রাজ্যে কংগ্রেসের ভোটে জয়ের পর ক্ষমতা ভাগাভাগির কোনও চুক্তি হয়েছিল কিনা সে সম্পর্কে খোলসা করেননি তিনি। যদিও শিবকুমারের নেতৃত্বেই রাজ্যে বিধানসভা ও লোকসভা ভোটে আসন বৃদ্ধি ঘটেছে বলে তিনি দাবি করেন। শিবকুমারের প্রশংসায় বলেন, উনি ইতিহাস গড়েছেন। দলকে সংগঠিত করেছেন, নিজের রোজগারের টাকা দলের জন্য ঢেলেছেন। হাইকমান্ড এসব জানে। তাই আমি একশো শতাংশ নিশ্চিত যে, তিনি ডিসেম্বরের মধ্যেই মুখ্যমন্ত্রী হচ্ছেন।
কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ নেতা বীরাপ্পা মইলির আশা শিবকুমার নিশ্চয় রাজ্যের শীর্ষ পদে বসবেন। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী মইলির কথায়, শিবকুমারকে প্রথম বিধানসভায় লড়ার টিকিট দিয়েছিলাম আমি। আজ, সে কর্নাটকের একজন সফল নেতা। আমরা সকলেই আশা করি ও যেন শীঘ্রই কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদে বসে। শিবকুমার সম্পর্কে তিনি আরও বলেন, ওর মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা আছে। দলকে কী করে শক্তিশালী করতে হয়, ও জানে।