শিশুর মৃত্যু হয়েছে, এই দুঃখ সহ্য করা কঠিন...বলতে গিয়েই বৃহস্পতিবার ক্যামেরার সামনে কেঁদে ফেলেন এই কংগ্রেস নেতা।

ক্যামেরার সামনে কেঁদে ফেললেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।
শেষ আপডেট: 5 June 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে গণমৃত্যুর ঘটনার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে কেঁদে ফেললেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। শিশুর মৃত্যু হয়েছে, এই দুঃখ সহ্য করা কঠিন...বলতে গিয়েই বৃহস্পতিবার ক্যামেরার সামনে কেঁদে ফেলেন এই কংগ্রেস নেতা। বুধবারের বিশৃঙ্খল অবস্থায় শিশুসহ ১১ জনের মৃত্যুর পর এদিন সকালে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
কথা বলতে গিয়ে প্রচণ্ড ডুকরে ওঠেন দুঁদে এই নেতা। কথা বলতে গলা ধরে আসছিল। তাতেও আবেগকে কোনওমতে চেপে রাখতে পারেননি তিনি। চোখে জল নিয়েই বলেন, রাজ্যে এই ঘটনা ঘটে যাওয়ায় সকলের জেতার আনন্দ মনকে ভেঙে দিয়ে গিয়েছে। শিবকুমার বলেন, আমরা এই ঘটনা থেকে অবশ্যই ভবিষ্যতের জন্য শিক্ষা পেয়েছি। মৃতদেহ নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, ওদের করতে দিন। এ পর্যন্ত কতবার মৃতদেহ নিয়ে ওরা রাজনীতি করেছে তার তালিকা তৈরি করব আমি। কিন্তু, যাই হোক ছোট বাচ্চা মারা গিয়েছে এটা চোখে দেখা যাচ্ছে না। আমি বাবা-মায়ের কষ্ট নিজের চোখে দেখেছি।
এর আগেই অবশ্য উপমুখ্যমন্ত্রী একটি বার্তায় এই ঘটনার জন্য সরকারের তরফে ক্ষমা চেয়ে নিয়েছেন। এরকমটা হওয়া কোনওভাবেই উচিত ছিল না। আমরা আশা করিনি এত বিশাল ভিড় হবে। স্টেডিয়ামে লোক ধরে ৩৫ হাজারের মতো। কিন্তু, ৩ লক্ষের বেশি ওখানে এসেছিলেন। স্টেডিয়ামের গেট ভেঙে ফেলে জনতা। আমরা এই ঘটনায় ক্ষমা চাইছি। আমরা সত্য উদ্ঘাটন করতে চাই। বিজেপিকে উদ্দেশ করে বলেন, ওরা এটা নিয়ে রাজনীতি করছে। আমরা দুঃখিত। ভবিষ্যতে এরকম হবে না কথা দিচ্ছি।
এদিকে, রাজ্য সরকার এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। শিবকুমার এদিন একেবারে ভেঙে পড়ে বলেন, আমি চিন্তিত সেইসব বাচ্চাদের নিয়ে, যারা তাদের বাবাকে হারিয়েছে। ওই ছোট ছোট বাচ্চারা, আমি দেখেছি ওদের কারও বয়স ১৫ বছরের বেশি নয়। আমি নিজের চোখের সামনেই অন্তত ১০ জনকে মারা যেতে দেখেছি। কোন পরিবার এই ঘটনা মেনে নিতে পারে। আমি সকলের কাছে ক্ষমা চাইছি।