
ফাইল ছবি
শেষ আপডেট: 21 November 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: ভাস্কো দা গামা এক্সপ্রেসের পর এবার জনশতাব্দী এক্সপ্রেস। ফের চলন্ত ট্রেনে বিষধর সাপ!
ট্রেনের মধ্যে এভাবে একের পর এক সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রেলযাত্রীদের অনেকের মধ্যে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে রেল।
রেল সূত্রের দাবি, এক্সপ্রেস ট্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা হয়। সেক্ষেত্রে সাপ ঢুকে পড়ার ঘটনা নজিরবিহীন। ফলে কেউ আতঙ্ক ছড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে এক্সপ্রেসে জ্যান্ত সাপ ছেড়ে দিয়েছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
পশ্চিম মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব জনশতাব্দী এক্সপ্রেসে সাপ ঢোকার ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, যেখানে ট্রেন পরিষ্কার করা হয়, সেখানে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে বাইরে থেকে কেউ সাপ এনে ছেড়ে গিয়েছিল কিনা তাও খোঁজ করা হচ্ছে।
প্রসঙ্গত, জনশতাব্দী এক্সপ্রেসের আগে গত অক্টোবরে ভাস্কো দা গামা এক্সপ্রেসের এসি কোচে দেখা মিলেছিল বিষধর সাপের। তারও আগে মুম্বই সিএসএমটি-জবলপুর গরিব রথ এক্সপ্রেস এবং জয়পুর-জবলপুর দয়োদয় এক্সপ্রেসেও সাপ উদ্ধার হয়েছিল। স্বভাবতই, এভাবে একের পর এক ট্রেনে সাপ উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রেলযাত্রীদের অনেকের মধ্যে।