
শেষ আপডেট: 11 December 2023 07:43
দ্য ওয়াল ব্যুরো: টানা ৫ দিন ধরে তল্লাশি চালানোর পর কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার হল সর্বমোট ৩৫৩ কোটি টাকা। রবিবার রাতে টাকা গোনা শেষে এমনটাই জানালেন আয়কর দফতরের তদন্তকারী আধিকারিকরা। এই বিপুল পরিমাণ টাকা এর আগে দেশের আর কোনও নেতা কিংবা মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়নি। এই নিয়ে কেন্দ্রের শাসকদল বিজেপির কটাক্ষের মুখে পড়েছে কংগ্রেস। যদিও দল এই ঘটনার পর ধীরজের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে।
সূত্রের খবর, মোট ১৭৬টি ব্যাগে এবং ৩টি ব্যাঙ্ক থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। এই টাকা গুনতে মোট ৪০টি মেশিন আনা হয়েছিল। এরমধ্যে মেশিন খারাপ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। মোট ৯টি দল গত পাঁচদিন ধরে এই টাকা গোনার কাজ করেছে। প্রসঙ্গত, গত বুধবারই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর ঝাড়খণ্ড ও ওড়িশার বাড়িতে হানা দেয় আয়কর দফতর। প্রথম দিনেই আলমারি ও বাক্স থেকে থরে থরে সাজানো টাকা উদ্ধার হয়।
ওই বিপুল পরিমাণ টাকা গুনতে ব্যাঙ্ক থেকে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। গুনতে গুনতে সময় ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু টাকা শেষ হচ্ছিল না। এরপর আয়কর কর্তা থেকে প্রশাসনের কর্মীরা—সবাই টাকা গোনার কাজে হাত লাগান। অবশেষে টানা ৫ দিন ধরে গণনার পর টাকার যে পরিমাণ দাঁড়াল, তা শুনে চোখ কপালে উঠেছে সকলের। জানা গিয়েছে, ওড়িশার একটি মদ প্রস্তুতকারক সংস্থা ও একাধিক দোকানে আয় বহির্ভূত সম্পত্তির সূত্র ধরেই এই অভিযান চলেছে।
Dhiraj Prasad Sahu has a dark sense of humour. ????#CorruptionKiDukan pic.twitter.com/2esDCyip1O
— Amit Malviya (@amitmalviya) December 10, 2023
এরমধ্যেই ধীরজ সাহুর এক্স হ্যান্ডলে (তৎকালীন টুইটার) করা ২০২২ সালের একটি পোস্ট হঠাৎ ভাইরাল হয়েছে। কংগ্রেস সাংসদের সেই পোস্টটি ছিল কালো টাকা নিয়ে। কী লিখেছিলেন তিনি? ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ লিখেছিলেন, “নোটবন্দির পরও এত কালো টাকা ও দুর্নীতি দেখে আমি ব্যথিত। আমি বুঝতে পারি না লোকজনের কাছে এত কালো টাকা আসছে কোথা থেকে? যদি এই দেশ থেকে কেউ দুর্নীতিকে গোড়া থেকে উৎখাত করতে পারে, তবে তা একমাত্র কংগ্রেসই।”