
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন সকালে দৃশ্যমানতা শূন্যে গিয়ে ঠেকে।
শেষ আপডেট: 3 January 2025 12:28
দ্য ওয়াল ব্যুরো: ঘন কুয়াশার দাপটে জেরবার দিল্লিসহ গোটা উত্তর ভারত। তার সঙ্গে প্রবল শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। তাপমাত্রা ও দৃশ্যমানতা কমে আসায় শুক্রবার প্রায় ২০২টি উড়ান ছাড়তে দেরি হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন সকালে দৃশ্যমানতা শূন্যে গিয়ে ঠেকে। ভোরের দিক থেকে বিমান ছাড়তে দেরি হওয়ায় তার প্রভাব পড়ে বেলার দিকেও। তবে কুয়াশার জেরে কোনও বিমানের রুট বদল করতে হয়নি। শুধু দিল্লি নয়, চণ্ডীগড় ও শ্রীনগর বিমানবন্দরেও উড়ান ওঠানামায় ব্যাপক বিঘ্ন ঘটে এদিন।
ভোর সাড়ে ৬টায় বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যে বিমানগুলিতে ক্যাট থ্রি প্রযুক্তি নেই, সেগুলি ওঠানামার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী কর্তৃপক্ষ। ক্যাট থ্রি হল এমন প্রযুক্তি যা খারাপ দৃশ্যমানতায় সাহায্য করে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে কুয়াশার দাপট থাকবে এবং ৬ জানুয়ারি বৃষ্টি হতে পারে।
এদিন সকাল ৮টায় পালাম বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যয় গিয়ে নামে। সফদরজঙ্গ বিমানবন্দরে যা ছিল মাত্র ৫০ মিটার। যদিও এই বিমানবন্দর দুটিতে বাণিজ্যিক বিমান ওঠানামা করে না। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাবে লোধি রোড এলাকায় বাতাসে দূষণের মাত্রা ছিল ৩০৯, অর্থাৎ খুব খারাপ। ফ্লাইটরাডার২৪-এর নিরীক্ষণ অনুযায়ী স্পাইসজেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার বিমান কুয়াশার জেরে বিঘ্নিত হয়। গড়পরতা বিমান নামতে ৬ মিনিট ও ছাড়তে প্রায় ৪৭ মিনিট দেরি হয়। স্পাইসজেট জানিয়েছে, অমৃতসর ও গুয়াহাটির যাওয়া-আসার বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।
দিল্লি আসা-যাওয়ার প্রায় সব দূরপাল্লার ট্রেনই দেরিতে চলাচল করছে। এদিন দিল্লি থেকে ছাড়া ২৪টি ট্রেন দেরিতে ছেড়েছে। অযোধ্যা এক্সপ্রেস ২ ঘণ্টা, বিহার ক্রান্তি এক্সপ্রেস এবং শ্রমশক্তি এক্সপ্রেস ৩ ঘণ্টা, গোরক্ষধাম এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে চলছে। আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে, উত্তর ভারত জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রির কাছাকাছি থাকবে।