.webp)
ছবি সৌজন্যে: গুগল
শেষ আপডেট: 3 November 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির এক আবাসনে শুক্রবার তাণ্ডব চালাল দুই বোন। পুলিশকে কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাল তারা। ভাঙচুর চালাল আবাসনের ভিতর। আক্রান্ত একাধিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব দিল্লিতে বসুন্ধরা এনক্লেভ নামের একটি আবাসনে থাকেন ভাব্যিয়া জৈন ও ছর্ভি জৈন। সমস্যার সূত্রপাত হয় শুক্রবার। ওইদিন গভীর রাতে আবাসনে গাড়ি নিয়ে ফেরে দুই বোন। জোরে হর্ন বাজাতে থাকে। রাতে এভাবে হর্ন বাজানোয় অনেকেই বিরক্ত হন। প্রতিবাদ করে অশোক শর্মা (৭০) নামের এক বৃদ্ধ। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক।
এই বৃ্দ্ধের প্রতিবাদের উত্তরে আবাসনে থাকা তাঁর ফুলের গাছ ও টব ভেঙে দেয় ওই দুই বোন। সঙ্গে বৃদ্ধকে ছুড়ি দেখিয়ে হুঁশিয়ারিও দেয়। এই ঘটনা চলাকালীন আবাসনেরই লোকজন পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আসতে নিজেদের ফ্ল্যাটে বন্দী করে ফেলে এই দুই বোন। পুলিশ ঘণ্টার পর ঘণ্টা ডাকাডাকি করার পরও কোনও উত্তর মেলেনি। দরজা খুলে বেরোয়নি তারা।
কয়েকঘণ্টা পর বেরিয়ে সোজা গাড়িতে চলে যায়। গাড়ি চালিয়ে এরপর পুলিশের সামনেই তাণ্ডব চালাতে থাকে আবাসনের ভিতর। পার্কিংয়ে রাখা একাধিক গাড়িতে ধাক্কা মারে। পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। আবাসনের একাধিক বাসিন্দা আক্রান্ত হন।
এরপরই তাদের ধরতে উদ্যোগ নেয় পুলিশ। গাড়ি ধাওয়া করতে থাকে তারা। পালাতে গিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে ওই দুই তরুণীর গাড়ি। চালক বেঁচে গেলেও স্কুটিটি হিঁচড়ে অনেক দূর নিয়ে যার তারা।
নাকে দড়ি দিয়ে ঘোরানোর পর পুলিশ তাদের ধরে ফেলে নয়ডা সেক্টর ২০-তে এসে। জেল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই দুই তরুণীর বাড়ির লোক কেউ দিল্লিতে থাকে না। এর আগে সেপ্টেম্বরেও তাদের বিরুদ্ধে এক নিরাপত্তাপরক্ষীর ওপর আক্রমণের অভিযোগ ওঠে। সেবারও পুলিশের কানে পৌঁছয় কথা। পুলিশকে দেখে একইভাবে নিজেদের ঘরবন্দী করেছিল তারা। একটি মামলাও দায়ের হয় সেসময়।