
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 22 December 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: পড়া শেষ হয়নি। স্কুলের পরীক্ষা পিছিয়ে দিতে হবে। ফন্দি আঁটল দুই ভাই। বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেইল করল কর্তৃপক্ষের আইডিতে। দিল্লির বেশ কয়েকটি স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর পিছনে স্কুলেরই পড়ুয়ার হাত রয়েছে বলে নিশ্চিত হলেন তদন্তকারী আধিকারিকরা।
নভেম্বরে দিল্লির একটি সেনা স্কুলের বাইরে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। আসে উড়ো মেইল। স্কুল ছুটি ঘোষণা করে তল্লাশি শুরু হয়। প্রায় ৪৪টি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ঘটনার তদন্তে নেমে চোখ কপালে ওঠে পুলিশের।
জানা যায়, এর পিছনে কোনও নাশকতার ছক নয়, দায়ি স্কুল পড়ুয়া। তারপরই ইমেইলের তথ্য নিয়ে ও সেই সূত্র ধরে তদন্ত হয়। জানা যায়, বোমাতঙ্কের মেইল পাওয়া স্কুল ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুলের পড়ুয়া দুই ভাই। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পরীক্ষা পিছনোর লক্ষ্যেই একাজ তাঁরা করেন।
পুলিশের তরফে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়। তাঁদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। কাউন্সেলারকে তাঁরা জানান, সেনা স্কুলের সামনে বিস্ফোরণের খবর তাঁরা জানতে পেরেছিলেন। তা থেকেই মাথায় এই ফন্দি আসে।
দিল্লির আরেকটিও স্কুলও বোমাতঙ্কের হুমকি পেয়েছিল। এই একই কারণে সেই স্কুলেরও এক পড়ুয়া হুমকি ফোন করেছিল।