
বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল
শেষ আপডেট: 8 February 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: সর্বশেষ খবরে জানা গিয়েছে, কংগ্রেস যে একটি আসনে এগিয়ে ছিল, তাতে ফের পিছিয়ে পড়েছে। ভোট গণনার প্রবণতায় ইতিমধ্যেই বিজেপি দফতরে সদস্যরা আনন্দ-উল্লাস শুরু করে দিয়েছেন। যদিও আপ নেতৃত্ব ও বিজেপি নেতৃত্ব শেষমেশ জয়ের প্রত্যাশায় স্থির বিশ্বাসী। কংগ্রেস অবশ্য সকালের মধ্যেই হাল ছেড়ে দিয়েছে।
এদিকে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল গোটা ব্যাপারটাকেই অন্য ভাবে ব্যাখ্যা করেছেন। বলেছেন, 'দিল্লির জনগণ ইতিবাচক মনোভাব নিয়ে ভোট দিয়েছে। জনগণ দেখেছে যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে কাজ হচ্ছে। সেই সব রাজ্যের সঙ্গে দিল্লির তুলনা করে এবং প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিয়েছে তারা... বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে চলেছে। কেজরিওয়ালকে দিল্লির জনগণ শাস্তি দিতে চলেছে।"
অন্যদিকে, আপের হ্যাটট্রিক রুখে দিয়ে রাজধানীতে ফুটতে চলেছে পদ্ম। আর এই নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দলকে বিঁধতে ছাড়ল না কংগ্রেস। সরাসরি তাঁদের আক্রমণ করল হাত শিবির। বিশেষজ্ঞদের মতে, দিল্লি ভোটের ফল মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। আর সেটা বুঝে ফেলেছে বিরোধী শিবিরও। তাই কংগ্রেসের কটাক্ষ, হারের দায় তাঁদের নয়। আম আদমি পার্টিকে জেতানোর দায়িত্বও তাঁরা নেয়নি।
কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে বলেন, দিল্লিতে তাঁরা ১৫ বছর ক্ষমতায় ছিলেন। শক্তিশালী সরকার গড়ে তোলাই তাঁদের একমাত্র লক্ষ্য ছিল। কিন্তু আপকে জিতিয়ে দেওয়ার দায়িত্বে কংগ্রেস ছিল না। তিনি এও উল্লেখ করেন, অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানা, গুজরাত, উত্তরাখণ্ড, গোয়া গেছিলেন। সেখানের ভোটের ফল দেখলে বোঝা যাবে বিজেপি এবং কংগ্রেসের ভোট শতাংশের যে তফাৎ সেটাই আপের ঝুলিতে গেছে। বিষয়টা এখানেই স্পষ্ট যে আপের ভূমিকা কী ছিল।