
বিয়ে মানেই আতসবাজির ফোয়ারা।
শেষ আপডেট: 21 November 2024 10:41
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে এখন বিয়ের মরসুম চলছে। আর বিয়ে মানেই আতসবাজির ফোয়ারা। দিল্লির 'খুব খারাপ' মাত্রায় দূষণের দিকে তাকিয়ে এবার আরও একটি পদক্ষেপ করল শহরের পুলিশ কর্তৃপক্ষ। দিল্লি পুলিশ এক নির্দেশে সোশ্যাল মিডিয়া এবং ই-কমার্সগুলিকে বলেছে, অবিলম্বে অনলাইনে বাজি বিক্রি ও ডেলিভারি বন্ধ করতে। সম্পূর্ণ জাতীয় রাজধানী এলাকা অর্থাৎ দিল্লি ও বর্ধিত দিল্লিতে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।
সরকারি বিবৃতি অনুযায়ী, দূষণের জেরে জনস্বাস্থ্য ও জনজীবন স্বাভাবিক রাখার অঙ্গ হিসাবে এই পদক্ষেপ করা হয়েছে। কারণ, সমগ্র ভারতে বিয়ের মরসুমে হাজার হাজার বাজি ফাটে। দেওয়ালির আগে থেকেই দিল্লির আম আদমি পার্টির সরকার ২০২৫ সালের প্রথম দিক পর্যন্ত আতসবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু, সেসবের তোয়াক্কা না করেই দেওয়ালিতে দেদার বাজি ফাটে। তাই শীতের শুরুতেই দিল্লি ঘন ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় বাসিন্দাদের স্বাস্থ্য উদ্বেগ নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন।
দিল্লি পুলিশের বিবৃতি বলা হয়েছে, মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবং ক্রমবর্ধমান দূষণের কথা চিন্তা করে ই-কমার্সের মাধ্যমে বাজি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। দিল্লি ও বর্ধিত রাজধানীর কোনও ঠিকানায় অনলাইনে কেনা বাজি ডেলিভারি করা যাবে না। ই-কমার্স ওয়েবসাইটস/ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই মর্মে নির্দেশ দেওয়া হচ্ছে যে, তারা যেন এরকম কাজ না করে।
অনলাইন বিক্রির মাধ্যমগুলিকে বলা হয়েছে, তারা যেন বাজির ছবি, দামের তালিকা বন্ধ করে দেয়। কেনার এরিয়ার মধ্য থেকে যেন দিল্লিকে বাদ দেওয়া হয়। ডেলিভারি বন্ধ এবং ওয়েবসাইটের পেজে যেন এই সংক্রান্ত একটি নোটিস দেওয়া হয় যে দিল্লি ও সন্নিহিত অঞ্চলে বাজি বিক্রি করা হবে না। তারা যেন ডেলিভারি পার্টনারদের জানিয়ে দেন বাজি সংগ্রহ, বহন অথবা ক্রেতার কাছে বাজি না পৌঁছে দেন।
এদিকে, বৃহস্পতিবার দিল্লির বায়ুদূষণের পরিমাণের খুব সামান্য হলেও উন্নতি হয়েছে। তা হলেও এখনও তা 'খুব খারাপ' মাত্রায় রয়েছে। এদিন সকালে বায়ুদূষণের সূচক ছিল ৩৭৯।