.webp)
স্বাতী মালিওয়াল ও আতিশী।
শেষ আপডেট: 17 May 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য স্বাতী মালিওয়ালকে বিজেপির হাতের বোড়ে বলে ব্যাখ্যা করলেন দিল্লির শিক্ষামন্ত্রী আতিশী। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে স্বাতী মালিওয়ালের আনা মারধর, শ্লীলতাহানি ও হেনস্তার অভিযোগকে বিজেপির দিকে ঠেলে দেন শীর্ষস্থানীয় নেত্রী আতিশী।
তিনি বলেন, স্বাতী গত ১৩ মে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হয়েছিলেন। তিনি ভিতরে ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারদের হুমকি দেন। তাঁকে ওয়েটিং রুমে অপেক্ষা করার অনুরোধ করেন অফিসাররা। কিন্তু তিনি সোজা মুখ্যমন্ত্রীর ড্রয়িং রুমে জোর করে ঢুকে পড়েন। তাঁকে সেখানে যেতে বারণ করা হলেও তিনি শোনেননি।
আপ নেত্রী আতিশীর দাবি, "দিল্লির মুখ্যমন্ত্রীকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য বিজেপির নির্দেশেই স্বাতী মালিওয়াল সেখানে গিয়েছিলেন। পুরো ঘটনায় পূর্ব পরিকল্পিত। "
এমনকী সেদিন কেজরিওয়ালের নিরাপত্তারক্ষীরা স্বাতীকে থামাতে চাইলে তিনি নিজেকে রাজ্যসভার সাংসদ পরিচয় দিয়ে রক্ষীদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও দিয়েছিলেন বলে এদিন অভিযোগ করেছেন আতিশী।
এ ব্যাপারে আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য স্বাতী মালিওয়ালের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে আপের অভিযোগ ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজধানীর রাজনীতিতে। প্রশ্ন উঠছে, তবে কি আপের মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে দিয়েছে বিজেপি। স্বাতীর মতো আপের অভ্যন্তরে আরও কেউ রয়েছেন কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত, স্বাতীর আনা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের খবর, স্বাতী অভিযোগ করেছেন যে তাঁর বুকে, পেটে ঘুষি মারা হয়েছে, এমনকী লাঠি দিয়েও তাঁকে মেরেছেন বিভাব কুমার। শুধু তাই নয়, শরীরের একাধিক স্পর্শকাতর জায়গায় আঘাত করেছেন তিনি। পাশাপাশি যৌন হেনস্তাও করা হয়েছে।