
দিল্লিতে গুলি চালানোর ঘটনা (ভাইরাল সিসিটিভি ফুটেজ)
শেষ আপডেট: 1 November 2024 10:32
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির রাত। আলোর উৎসবে মেতেছিল গোটা দেশ। সমস্ত জায়গায় চলছিল বাজি ফাটানো। এরই মধ্যে ভয়ানক ঘটনা ঘটে গেল দিল্লির শাহদারা এলাকায়। ছেলের সামনেই খুন হলেন বাবা। গুলি করে তাঁকে হত্যা করা হল। নিজের বাড়ির দোরগোড়ায় খুন হলেন ওই ব্যক্তি। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শাহদারা এলাকা থেকে ৫ রাউন্ড গুলি চলার খবর পেয়ে তাঁরা ছুটে যান ঘটনাস্থলে। সেখান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, একজন গুরুতর আহত ছিল যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতদের নাম আকাশ (৪০) এবং ঋষভ (১৬)। ঋষভ সম্পর্কে আকাশের ভাইপো। এছাড়া আহত হয়েছে আকাশের ১০ বছরের ছেলে কৃশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে লক্ষ্য নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। মৃতের পরিবারের দাবি, সে এই ঘটনায় যুক্ত। এছাড়া এক নাবালককে আটক করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, আকাশের থেকে টাকা পেত সে। বহু দিন ধরে তা না দেওয়ায় আকাশকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। অন্তত ১৭ দিন আগে আকাশকে হত্যা করার ছক হয়েছিল বলে ধারণা পুলিশের।
আকাশের মা পুলিশের কাছে দাবি করেছেন, লক্ষ্য কিছুদিন ধরেই তাদের বাড়িতে আসতে শুরু করেছিল। দীপাবলির দিনও মিষ্টি নিয়ে এসেছিল। তিনি যখন সেগুলি রাখতে ভিতরে যান তখন বাড়ির বাইরেই বাজি ফাটাচ্ছিল কৃশ, ছিল তার বাবা আকাশও। এই সময়ই গুলির আওয়াজ হয়। লক্ষ্যর সঙ্গে আরও দুজন ছিল বলে অভিযোগ তাঁর।