প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 April 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: ছেলের (Son) মৃত্যুর মিথ্যা গল্প সাজিয়ে বিমার (Insurance) মোটা টাকা হাতিয়ে নেওয়ার ছক! শেষমেশ জোর করে মৃত সাজিয়ে শ্মশানের জাল সার্টিফিকেট (Fake Cremation Certificate) তৈরি করে বড়সড় বিপাকে পড়লেন বাবা (Father)। বিমা সংক্রান্ত প্রতারণার পর্দাফাঁস করল দিল্লি পুলিশ (Delhi Police)।
সোমবার দ্বারকার ডিসিপি অঙ্কিত সিং জানান, নজফগড়ের বাসিন্দা সতীশ শুধুমাত্র বিমার ২ কোটি টাকা হাতানোর জন্য বড়সড় প্ল্যান সাজিয়েছিলেন। ৫ মার্চ নজফগড়ে আমরা এক ব্যক্তির পিসিআর কল পাই, সেখানেই ছেলের বাইক দুর্ঘটনার কথা জানান অভিযুক্ত। সতীশ অভিযোগ জানান, তাঁর ছেলে গগন মারা গেছে এবং তাকে দাহ করা হয়েছে।
বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠান এবং পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। পুলিশ জানতে পারে, কোনও দুর্ঘটনাই ঘটে নি। এরপর বাবা ও ছেলেকে জেরা করতে শুরু করতে দু'জনে স্বীকার করে নিতে বাধ্য হন আর্থিক চাপে পড়েই এমন পরিকল্পনা করেছিল তাঁরা। অভিযোগ, পুরো বিষয়টি কীভাবে সাজালে আইনের হাত থেকে ছাড় পাওয়া যাবে তার বুদ্ধি দিয়েছিল এক আইনজীবী।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে কোনও দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর তাঁদের কাছে আসেনি। এমনকি কোনও রেকর্ড বা সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। পরে পুলিশ জানতে পারে বাবা ছেলের নামে দু'কোটি টাকার বিমার পলিসি করিয়েছিলেন।
এরপরই পুলিশের কাছে গোটা বিষয়টি পরিস্কার হয়। আসলে ছেলেকে মৃত সাজিয়ে বিমার টাকা হাতিয়ে নেওয়ার ছক কষেছিলেন বাবা। এর সঙ্গে ছেলেও জড়িত ছিল বলে অভিযোগ। পুলিশ বাবা ও ছেলে দু'জনকেই আটক করেছে বলে খবর। ঘটনায় অন্য কেউ জড়িত আছে কী না খতিয়ে দেখছে পুলিশ।
জেরায় অভিযুক্ত বাবা স্বীকার করেছেন, ঋণের চাপে জর্জরিত হয়েই ছেলের সঙ্গে এমন প্ল্যান সাজিয়েছিলেন তিনি। এক আইনজীবী তাঁকে সমর্থন করেছিলেন এবং একটি বেসরকারি হাসপাতাল থেকে জাল কাগজপত্র আনার পরামর্শ দিয়েছিলেন। এফআইআর দায়েরের ভিত্তিতে মামলার তদন্ত চলছে এবং বিমা সংস্থার সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয় পুলিশ জানার চেষ্টা করছে বলে খবর।