
শেষ আপডেট: 27 January 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো: আইআরসিটিসি দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রীকে আগেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবার সেই মামলায় তাঁদের সমন পাঠাল দিল্লির আদালত। আগামী মাসেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, রাউস অ্যাভিনিউ আদালত ইডির চার্জশিটকে মান্যতা দিয়েছে এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁর দুই কন্যা মিশা ভারতী, হেমা যাদবকে সমন পাঠিয়েছে। এই দুর্নীতি মামলায় তারাও অভিযুক্ত। এঁদের সকলকে আগামী ৯ ফেব্রুয়ারি আদালতে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ইডি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং তাঁর পুত্র তেজস্বীকেও একই মামলায় তলব করেছিল।
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন নিজের আত্মীয়-পরিজনদের রেলে নিয়োগ এবং রেলের সম্পত্তি তাদের নামে করে দিয়েছিলেন বলেই অভিযোগ। এই মামলাতেই তাঁর স্ত্রী, পুত্র, কন্যা ছাড়া আরও ১৪ জনের নাম যুক্ত হয়।
বিহারের রাজনীতি নিয়ে এখন তোলপাড় চলছে। নীতীশ কুমারের ভোলবদল নিয়ে আবারও হইচই চারিদিকে। অধিকাংশের অনুমান, ইন্ডিয়া জোটকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এনডিএ শিবিরেই ফিরতে চলেছেন। এই সময়েই ফের লালুর পরিবারকে সমন পাঠান হল।