
দিল্লি প্রদেশ সরকারের সচিবালয়
শেষ আপডেট: 17 February 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত সোমবার চূড়ান্ত করতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেই বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজধানীর মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবেন বলে ঠিক আছে।
নতুন মুখ্যমন্ত্রী আগামী ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার শপথ নেবেন বলে ঠিক আছে। সেই মতো প্রস্তুতি নিতে বলা হয়েছে উপ রাজ্যপাল বিকে সাক্সেনাকে।
আগের দিন বুধবার হবে বিজেপি বিধায়ক দলের বৈঠক। তবে ওই বৈঠক নিয়মরক্ষা মাত্র। আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দল নতুন মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর দেবে।
বিজেপি সুত্রের খবর, মহিলা এবং জাতিগত সমীকরণ বিবেচনায় রাখা হবে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ে। বর্তমানে দেশে মহিলা মুখ্যমন্ত্রী মাত্র একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অন্দরে আলোচনা আছে রাজধানীতে মহিলা নেত্রীকে মুখ্যমন্ত্রী করার। সেই সুত্রে কয়েক জন একাধিকবার জয়ী বিধায়ক ছাড়াও বিবেচনায় আছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, দিল্লির সাংসদ বাঁশরী স্বরাজের নাম। বাঁশরী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে।
জাতিগত সমীকরণে বিবেচনায় আছে বিহার ও উত্তর প্রদেশের আদি বাসিন্দা কয়েকজন পুরুষ নেতার নাম। বিগত কয়েকটি নির্বাচনে বিজেপিকে স্বস্তি দিয়েছে মহিলা ও ওবিসি ভোটার। ওবিসি নেতাকে মুখ্যমন্ত্রী করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।