
Arvind Kejriwal
শেষ আপডেট: 14 March 2024 11:28
দ্য ওয়াল ব্যুরো: আবগারি দুর্নীতি মামলায় পরপর সমন পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। গত বৃহস্পতিবার তাঁকে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মলহোত্রা তলব করেন। নির্দেশ দেওয়া হয়েছিল, আগামী ১৬ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। ইডির আর্জির ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। এবার নিম্ন আদালতের সমনকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন কেজরিওয়াল। সুতরাং ফের ধোঁয়াশা তৈরি হল কেজরিওয়ালের হাজিরা দেওয়া নিয়ে।
আবগারি মামলায় অষ্টমবার সমন এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু ইডির মুখোমুখি হওয়ার কথা অবশ্য জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত তবে ১২ মার্চে পর তিনি হাজিরায় সাড়া দেবেন। তার আগেই অবশ্য ইডির আর্জির ভিত্তিতে নিম্ন আদালতের সমনের বিরুদ্ধে উচ্চ আদালতে গেলেন কেজরিওয়াল। ১৬ তারিখ তিনি আর হাজিরা দেবেন কিনা, তা নিয়ে এখন প্রশ্ন।
গত নভেম্বর মাস থেকে টানা সমন এড়িয়ে চলেছেন কেজরিওয়াল। পঞ্চমবার তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। তাঁদের দাবি ছিল, তিনি ভোটের প্রচার যাচ্ছেন, দলীয় কাজ করছেন অথচ তলবে সাড়া দিচ্ছেন না। আপের তরফ থেকে দাবি করা হয়েছে, কেজরিওয়ালকে গ্রেফতারি করার উদ্দেশ্যেই বারবার তাঁকে তলব করছে ইডি। পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে আক্রমণ করেছে তাঁরা।
গত ২৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে অষ্টম বারের জন্য সমন পাঠিয়েছিল ইডি। তাঁকে ৪ মার্চ দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেবারও না গিয়ে জানিয়েছিলেন, ১২ মার্চের পর ভি়ডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দিতে চান। বলাই বাহুল্য, ভার্চুয়াল তলবও এড়িয়ে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। পরবর্তী তলবের আগে আবার উচ্চ আদালতের দ্বারস্থ তিনি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত আপের দুই প্রবীণ নেতা, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ গ্রেফতার হয়েছেন।