.jpeg)
শেষ আপডেট: 24 February 2025 08:45
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বসছে দিল্লি বিধানসভার (Delhi assembly session) অধিবেশন। সরকার বদলের পর সোমবারই প্রথম বিধানসভার অধিবেশন বসতে চলেছে। তিনদিনের অধিবেশনে উন্নয়ন নিয়ে কথা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Chief minister of Delhi)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আগাম ঘোষণা মতো সোমবার অধিবেশনের পয়লা দিনেই বিধানসভায় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (CAG) রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার। ক্ষমতাচ্যুত আম আদমি পার্টির জমানার দুর্নীতির একাধিক দৃষ্টান্ত সিএজি রিপোর্টে রয়েছে বলে বিজেপির দাবি।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অভিযোগ, আগের মুখ্যমন্ত্রী আতিশী সেই কারণে সিএজি রিপোর্ট বিধানসভায় পেশ করেননি। নতুন মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিতে রবিবার সাংবাদিক বৈঠক ডেকে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী দাবি করেন, তিনি নিয়ম মেনে সিএজি রিপোর্ট উপ-রাজ্যপালের কাছে পাঠিয়েছিলেন। উপ-রাজ্যপাল সেটি বিধানসভার পেশ করার অনুমতি দিলে তবেই প্রকাশ করা যায়। নতুন সরকার শুরু থেকেই মিথ্যাচার শুরু করেছে।
দিল্লির রাজনৈতিক মহল মনে করছে সিএজি রিপোর্ট পেশের জেরে সোমবার পয়লা দিন থেকেই দিল্লি বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে। সব মহলই অপেক্ষা করছে সিএজি রিপোর্টে কী আছে জানতে। কেন্দ্রীয় সরকারের সংস্থা সিএজি কেন্দ্র ও রাজ্য সরকারের দফতরে সরকারি টাকা খরচের অডিট করে থাকে। টাকা খরচে অনিয়ম হয়ে থাকতে তারা চিহ্নিত করে। সরকারি প্রকল্পের সাফল্য-ব্যর্থতাও চিহ্নিত করে এই সংস্থা। বিধানসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারে বলেন, বিজেপি সরকার গড়তে পারলেই বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই সিএজি রিপোর্ট পেশ করা হবে। আপের দুর্নীতিবাজদের ছাড়া হবে না।
সেই অধিবেশন শুরুর আগের দিন রবিরার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিগত সরকারে কাজকর্ম নিয়ে গুচ্ছ অভিযোগ করেছেন। তাঁর প্রধান অভিযোগ, আগের সরকার বিদায় নেওয়ার আগে সরকারি কোষাগার শূন্য করে দিয়ে গিয়েছে। তারমধ্যেই তাঁর সরকার মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার কর্মসূচি চালু রাখবে।