
মঙ্গলবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা।
শেষ আপডেট: 18 June 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের সংসদীয় এক প্রতিনিধিদল মঙ্গলবার দেখা করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI) আধিকারিকদের সঙ্গে। শেয়ার বাজারে অদৃশ্য নয়ছয় করার অভিযোগ জানালেন তৃণমূল প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, এ মাসের গোড়ায় বুথফেরত সমীক্ষার পর আচমকাই আদানি-আম্বানিসহ কয়েকটি কোম্পানির শেয়ারদর রাতারাতি আকাশ ছুঁয়ে যায়। এর পিছনে কারও না কারও হাত রয়েছে। এই রহস্যের পিছনে দুর্নীতি আছে বলে অভিযোগ তৃণমূল সাংসদদের। তাঁরা এর তদন্ত দাবি করেন সেবির কাছে।
তৃণমূল সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখেল। তাঁদের সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের উদ্ধব সেনার এমপি অরবিন্দ সাওয়ান্ত এবং শারদ পাওয়ার গোষ্ঠীর এনসিপি-র প্রাক্তন বিধান পরিষদ সদস্য বিদ্যা চৌহান।
সেবি-র কাছে অভিযোগ জমা দেওয়ার পর উদ্ধব সেনা নেতা সাওয়ান্ত বলেন, বুথফেরত সমীক্ষার পর আচমকাই বাজার থেকে সাধারণ মানুষের ১৩ লক্ষ কোটি টাকা উবে যায়। এর পিছনে কার বা কাদের হাত আছে? তাদের সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা উচিত। মুম্বইয়ে সেবির দফতরের সামনে তৃণমূল, উদ্ধব সেনা এবং শরদ পাওয়ার গোষ্ঠীর এনসিপি নেতারা বিক্ষোভ দেখান এবং স্লোগান দেন।
বুথফেরত সমীক্ষার পর শেয়ার বাজারে নয়ছয়ের অভিযোগ নিয়ে এর আগে তৃণমূল সাংসদরা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন। লোকসভা ভোটের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শেয়ার মার্কেটের দুর্নীতির তদন্ত চেয়ে দাবি জানিয়ে আসছেন।
বৃহত্তম শেয়ার বাজার দুর্নীতিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বলে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কংগ্রেসের অভিযোগ, বুথফেরত সমীক্ষার পর আচমকা উত্থান ও ভোটের ফল প্রকাশের পর হঠাৎ পতনে ছোট বিনিয়োগকারীদের বাজার থেকে ৩০ লক্ষ কোটি টাকা উধাও হয়ে যায়। এটা হল বৃহত্তম স্টক মার্কেট কেলেঙ্কারি। এর তদন্ত হোক। যদিও বিজেপির তরফে বিরোধীদের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
এদিন সেবি দফতর থেকে বেরিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সেবির ঐতিহ্য ও ইতিহাস দীর্ঘ। আমাদের সকলেরই সেবির উপর আস্থা ও বিশ্বাস রয়েছে। তাই আমরা শেয়ার বাজারে নয়ছয় নিয়ে তাদের কাছে তদন্ত দাবি করেছি। এর পিছনে কিছু রাজনীতিকের হাত রয়েছে বলেও তাঁর দাবি।