
বিপর্যস্ত ওয়ানাড়ে চলছে উদ্ধারকাজ - ফাইল চিত্র
শেষ আপডেট: 2 August 2024 09:02
দ্য ওয়াল ব্যুরো: কার্যত 'মৃত্যুপুরী' হয়ে উঠেছে ওয়ানাড়। উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই যেন আর্তনাদ বাড়ছে। ইতিমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৩০৮ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যাও বাড়তে পারে। কারণ এখনও বহু মানুষের খোঁজ মেলেনি। শুক্রবারও সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। আর এবার ব্যবহার করা হচ্ছে ড্রোনও।
মুণ্ডাক্কাই, চূড়ামালা এবং আট্টামালা, ওয়ানাড়ের এই তিনটি গ্রাম সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব এলাকায় যৌথ তল্লাশি অভিযানে নেমেছে সেনা, এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা। মুন্ডাক্কাই এবং চুরামালায় নিখোঁজদের কেউ বেঁচে নেই বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যদিও নিখোঁজদের উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কেরলে দুর্যোগ এখনই কাটছে না। কারণ আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। মূলত, মলপ্পুরম, কোঝিকোড়, কন্নুর এলাকায় বৃষ্টিপাত হবে। তাই নতুন করে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে উদ্ধারকারী দল একাধিক ভাগে বিভক্ত হয়ে গিয়ে উদ্ধারকাজ চালাবে। স্থানীয় সূত্রে খবর, প্রতিটি দলে তিন জন স্থানীয় বাসিন্দা এবং বন দফতরের এক জন কর্মী থাকবেন।
ড্রোন নিয়ে নজরদারি ছাড়াও সেনাবাহিনী কেন্দ্রের কাছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি চেয়ে পাঠাচ্ছে। তার মধ্যে রয়েছে এনটিআরও-র রেকো রেসকিউ সিস্টেম এবং রিমোট সেন্সিং ইকুইপমেন্ট। আসলে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে উদ্ধারকাজ চালানো মুশকিল হয়ে যাচ্ছে তাঁদের পক্ষে।
বৃহস্পতিবারই ভূমিধস কবলিত ওয়ানাড় পরিদর্শন করে আসেন লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে নির্বাচিত প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন বোন ও ওয়ানাড় কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধীও।