
কারখানায় বিস্ফোরণের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা
শেষ আপডেট: 24 May 2024 13:09
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্রের ঠানের এক কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আশঙ্কা করাই হয়েছিল যে, মৃত্যু সংখ্যা হবে একাধিক। কারণ ঘটনার সময়ে বহু কর্মী কারখানায় কাজ করছিলেন। শুক্রবার শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ৬৪ জন! সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহ এমনভাবেই পুড়ে গেছে যে তা সহজে শনাক্ত করা যাচ্ছে না।
ঠানের এই কেমিক্যাল কারখানায় একটি বয়লার হঠাৎ ফেটে যায়। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যে ২০ জনকে উদ্ধার করা গেলেও কারখানার বাকি কর্মীদের উদ্ধার করা যায়নি। বিকেলের পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে একে একে মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার সকালেও তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল মিলিতভাবে এই উদ্ধারকাজ চালাচ্ছে। তবে সেই কাজ আর কতক্ষণ চলবে, তা অবশ্য এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।
এনডিআরএফ জানিয়েছে, যে কারখানায় আগুন লেগেছে, সেখানে খাবারের রং তৈরি করত। সেজন্য ব্যবহার করতে পেরোক্সাইড। বয়লার ফেটে বিস্ফোরণ ঘটার মূল কারণ এটাই হতে পারে বলে অনুমান। কারণ এই কেমিক্যাল খুবই 'রিয়্যাক্ট' করে। ঘটনাস্থলে চারপাশে এখনও রাসায়নিকের গন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে কারখানার মালিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর রুজু হয়েছে।
কারখানায় বিস্ফোরণের ভয়াবহতা কতটা তা বোঝা যাবে তার আশেপাশের বাড়িগুলির অবস্থা দেখে। স্থানীয়রা জানিয়েছে, কারখানা সংলগ্ন কিছু বাড়ির জানলার কাচ ভেঙে গেছে। ওই এলাকায় একটি গাড়ির শোরুম রয়েছে। বিস্ফোরণের কারণে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গেছে। ঘটনাস্থলের তিন কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছিল বলে জানিয়েছে স্থানীয়রা।