জ্যান্ত হয়ে উঠল 'লাশ'
শেষ আপডেট: 22 November 2024 15:26
দ্য ওয়াল ব্যুরো: নড়ে উঠল দেহ মোড়া প্লাস্টিক। দু'মিনিট পরেই চুল্লিতে ঢোকানোর কথা ছিল 'লাশের'। যাবতীয় প্রক্রিয়া শেষ, আর ঠিক তখনই প্লাস্টিকের ভিতর থেকে বেরিয়ে এল হাত। খাটিয়ে থেকে উঠে বসলেন হাসপাতাল থেকে মৃত ঘোষণা করা ব্যক্তি।
লাশের ময়নাতদন্তও হয়েছিল। তাহলে কাটাছেঁড়া করা দেহ কীভাবে আবার প্রাণ ফিরে পেল? অদ্ভুতুড়ে এই ঘটনা ঘটেছে রাজস্থানের ঝুনুঝুনুতে।
ব্যাপারটা হল, রোহিতেশ নামে মানসিক ভারসাম্যহীন ও বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে ঝুনুঝুনুর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ব্যক্তি যে এনজিও-র তত্ত্বাবধানে থাকতেন, তারাই এনে ভর্তি করে। কিছুক্ষণ আইসিইউ-তে রাখার পর চিকিৎসকরা জানান, ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ মর্গেও পাঠিয়ে দেওয়া হয়। পুলিশই সৎকারের ব্যবস্থা করে। তার আগে প্রায় ৪ ঘণ্টা মর্গের ফ্রিজারে রাখা ছিল দেহটি।
এবারই আসল ঘটনা। যেহেতু ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, তাই দেহর কোনও দাবিদার নেই মনে করে চিকিৎসকরা আর ময়নাতদন্তই করেননি। দায়সারা ভাবে নকল ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করে পুলিশকে দিয়ে দেয়।
ঘটনার পরই কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলে তিনজন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তেরও।
খবর চাউর হতেই প্রশাসনের তরফে জেলা রেভেনিউ অফিসার ও পুলিশকে তদন্তের জন্য পাঠানো হয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এবং জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনাটি সামনে আসে।
চিকিৎসকদের মারাত্মক গাফিলতির অভিযোগে ওই হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ও দুই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।