
ফাইল ছবি
শেষ আপডেট: 25 March 2025 19:59
দ্য ওয়াল ব্যুরো: আবর্জনার স্তূপ থেকে মিলল এক সদ্যোজাতর মৃতদেহ, আরও পাঁচ-ছয় সদ্যোজাত শিশুর দেহাংশ! মহারাষ্ট্রের পুণের (Pune Incident) এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে তার কাছেই রয়েছে একটি নার্সিংহোম (Nursing Home)। সেখান থেকে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান। পুণের দৌন্দ এলাকায় মঙ্গলবার সকালে হইচই সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা একটি আবর্জনার স্তূপে ওই মৃতদেহ এবং দেহাংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে, একটি সদ্যোজাত শিশুর দেহ ছাড়া পাঁচ-ছয় শিশু দেহাংশ প্লাস্টিকের জারে ঢুকিয়ে ফেলে দেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি নার্সিংহোমের 'বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রসেস' হতে পারে। তাই নিয়ম মেনে এই কাজ করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনা সম্পর্কে পুণের ডিএসপি বাপুরাও তাদাস বলেন, যে জায়গা থেকে দেহাংশ উদ্ধার হয়েছে তার কাছাকাছি একটি পেট্রোল পাম্প রয়েছে। সেখানকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে যদি কোনও তথ্য পাওয়া যায়।
পাশাপাশি, যাদের দেহ উদ্ধার হয়েছে তাদের পরিচয় কী, সেটাও জানার চেষ্টা হচ্ছে। তদন্ত যা উঠে আসবে সেই প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।