
রেলওয়ে পুলিশ প্রোটেকশন ফোর্সের লেডি কনস্টেবল 'মা' রিনা
শেষ আপডেট: 17 February 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: শনিবারের পদপিষ্টের ঘটনার পর সোমবারেও এতটুকু বদল ঘটেনি নয়াদিল্লি, নয়ডা সহ গোটা উত্তর ভারতের পশুবোঝাই গাড়ির মতো দুর্বিষহ ট্রেনযাত্রা। এই ভিড় সামাল দিতে পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তাই দায়িত্ববোধের মাদুর্গার মতো দশহাতে ঘরবার সামাল দিচ্ছেন রেল পুলিশের এক মহিলা কনস্টেবল।
মহাকুম্ভ ফেরত ও প্রয়াগযাত্রীদের ভিড়ে আপাতত দিল্লির কোনও স্টেশনেই পা রাখার জায়গা নেই। প্ল্যাটফর্ম তো বটেই, স্টেশনের বাইরে, ফুটওভার ব্রিজ, বাথরুম, ওয়েটিং রুম, সিঁড়ি সর্বত্র লোক থিকথিক করছে। এই ভিড়ের মধ্যেই দেখা গেল মন ভালো করা এক ছবি। রেলওয়ে পুলিশ প্রোটেকশন ফোর্সের এক লেডি কনস্টেবল বুকের সঙ্গে কোমরে বাঁধা দোলনাগোছের বাচ্চা বহন করার ব্যাগে এক বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে লাঠি হাতে ভিড় সামাল দিচ্ছেন।
একদিকে চাকরির কতর্ব্যবোধ, অন্যদিকে মাতৃত্বের স্নেহবন্ধনের এই দুকূল রক্ষা করা মহিলাকে দেখে অনেকেই মাথার টুপিটি নামিয়ে অভিনন্দন দিচ্ছেন। আর পি এফ কনস্টেবলের নাম রিনা। রবিবার রাতে তাঁকে নয়াদিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে ভিড় সামাল দিয়ে লাঠি হাতে ঘোরাফেরা করতে দেখা গেল। কিন্তু তার সঙ্গেই দেখা গিয়েছে, কনস্টেবল মায়ের কোলের কাছে বাচ্চা নেওয়ার ঝোলনায় ঘুমে এলিয়ে রয়েছে তাঁর এক বছরের বাচ্চা। রিনাকে দেখে এই ভিড়ের মধ্যেও বহু মানুষ তারিফ করেছেন তাঁর দুহাতে এই দায়িত্ব সামলানোর সাহসিকতা দেখে।