
শেষ আপডেট: 5 January 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো: ১৫ হাজার ৪৪০ টাকা ধরা হয়েছিল নিলামে একটি ছোট্ট জমির দাম। নিলামের প্রত্যেক হাতুড়ির বাড়ি পড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছিল দাম। হাজার পেরিয়ে লাখ, লাখ পেরিয়ে কোটিতে গিয়ে থামে নিলাম। জমিটির শেষ পর্যন্ত দাম উঠল ২ কোটি টাকা!
২০২০ সালের পর ফের শুক্রবার দাউদ ইব্রাহিমের চারটি পৈতৃক সম্পত্তি নিলামে উঠেছিল। এই চারটি সম্পত্তির মধ্যে সবচেয়ে ছোট প্লটটি নিলামে বিক্রি হল সবচেয়ে বেশি টাকায়। এছাড়াও আরও একটি জমিও এদিনের নিলামে বিক্রি হয়েছে বলে জানা গেছে। সেই জমির বেস প্রাইস ছিল ১ লাখ ৫৬ হাজার টাকা। নিলাম ঘরে যখন জমিটির জন্য শেষ হাতুড়ি পড়ল তখন তার দাম উঠেছিল ৩ লাখ ২৮ হাজার টাকা।
'স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিটার অব প্রপার্টি) অ্যাক্ট (এসএএফইএমএ)’ অনুযায়ী এদিন দাউদের চারটি অবিক্রিত জমি নিলামে তোলা হয়েছিল। দাউদ ও তার পরিবারের সম্পত্তি ছিল জমিগুলো। এগুলি মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বাকে গ্রামের মধ্যেই ছিল। মোট ১৯ লাখ ২০ হাজার টাকা নিলাম মূল্য ছিল জমিগুলোর।
প্রসঙ্গত, এর আগেও দাউদ ও তার পরিবারের একাধিক জমি, সম্পত্তি নিলাম করা হয়। ২০১৭ ও ২০২০ সালে দাউদের মোট ১৭টি সম্পত্তি নিলামে তুলেছিল এসএএফইএমএ। তারমধ্যে ২০১৭ সালের নিলাম ছিল সবচেয়ে বেশি সফল। সেবার মুম্বইয়ের ভেন্ডি বাজারের কাছে দাউদের ধামড়ওয়ালা বাড়িটি নিলামে বিক্রি হয়। এছাড়াও একটি হোটেল ও গেস্ট হাউসও নিলামে ওঠে।
১৯৯৩ সালে মুম্বই হামলার ঘটনার মূলচক্রী হিসেবে দাউদের নাম জড়িয়েছিল। ভারত থেকে পালিয়ে প্রাথমিকভাবে দুবাইয়ে দাউদ আস্তানা গেড়েছে বলে সংবাদমাধ্যমের বহু প্রতিবেদনে দাবি করা হয়েছিল। পরে ভারতীয় গোয়েন্দারা দাবি করেন দাউদের বর্তমান নিবাস পাকিস্তানের করাচি শহরে, যেখানে সে দেশের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নিরাপত্তার ঘেরাটোপে বহালতবিয়তে দিন কাটাচ্ছে এই মাফিয়া ডন।
শুধু মুম্বই হামলা নয়, ভারতে আরও অনেক সন্ত্রাসবাদী হামলা চালানোর পিছনেও হাত রয়েছে দাউদের। তাকে ভারতে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা চালানো হয়। যদিও তা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। সম্প্রতি দাউদের মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল। তবে তা শেষ পর্যন্ত তা ভুয়ো বলে জানা যায়।