ফাইল ছবি
শেষ আপডেট: 27 November 2024 10:22
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের পর রাজ্যসভার ভোটের দামামা বেজে গেল। মঙ্গলবারই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী মাস অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখে বাংলা-সহ দেশের চার রাজ্যে হবে ভোটাভুটি।
নির্বাচন কমিশনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, দেশের চার রাজ্যে ছয় আসন ফাঁকা হওয়ার কারণে এমন সিদ্ধান্ত। সবে শেষ হয়েছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোট। পাশাপাশি বাংলার ছয় আসন-সহ দেশের বিভিন্ন প্রান্তে উপনির্বাচনও হয়েছে। ফলাফল বেরনোর কিছুদিনের মধ্যেই ফের বাজল ভোটের বাদ্যি।
কমিশন জানিয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট দিতে পারবেন নির্বাচিত প্রতিনিধিরা। ফলাফল জানা যাবে ২০ ডিসেম্বর বিকেল পাঁচটার পর। বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়ন পেশ করার শেষ দিন ১০ ডিসেম্বর। এছাড়া মনোনয়নপত্রের স্ক্রুটিনির শেষ তারিখ ১১ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।
কোন আসনে হবে ভোট?
বাংলা ছাড়াও অন্ধ্রপ্রদেশের তিন, ওড়িশা ও হরিয়ানার একটি করে আসনে ভোটগ্রহণ হবে। রাজ্যসভার ছয় আসনের সাংসদেরা ইস্তফা দেওয়ার কারণেই ভোটাভুটির প্রয়োজন হয়ে পড়েছে বলে খবর। তার জেরেই এমন সিদ্ধান্ত কমিশনের।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে তৃণমূল ছেড়েছেন জহর সরকার। রাজ্যসভার সাংসদ পদ থেকে তাঁর ইস্তফার পরেই সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ১২-তে। পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্যসভার আসনের মধ্যে একটি আসন খালি হওয়ার কারণেই ডিসেম্বর ভোটের কথা ঘোষণা করা হল।
তবে জহর সরকারের জায়গায় তৃণমূল কাকে প্রার্থী করেন সেদিকে নজর থাকবে। যদিও সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রার্থী নাম ঠিক করা হয়েছে বলে সূত্রের খবর। তবে সেটা প্রকাশ্যে আনা হয়নি। অন্যদিকে, চলতি শীতকালীন অধিবেশনে একজন সাংসদ কম নিয়ে মাঠে নামতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। সেখানে অধিবেশন শেষ হওয়ার দিন রাজ্যসভার ভোট এবং গণনা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের এখন যা বিধায়ক এবং সাংসদ সংখ্যা তাতে অনায়াসেই জয় আসবে বলেই আশাবাদী ঘাসফুল শিবির।
বাংলায় আরজি কর-কাণ্ডের আবহে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। আরজি কর-কাণ্ডের প্রতিবাদেই তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন, তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস ছাড়াও রাজ্যসভায় বাংলা থেকে বিজেপির দুই এবং বামেদের একজন সাংসদ আছেন।